শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ ভেসে যাওয়ায় এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে। তবে নিজেদের চতুর্থ ম্যাচটি থেকে পূর্ণ পয়েন্ট চেয়েছিল টাইগাররা। বৃষ্টিতে সেটি না হওয়ায় হতাশ বাংলাদেশ দল। ম্যাচ শেষে যে হতাশার কথা লুকাননি দলের কোচ স্টিভ রোডস।
ব্রিস্টলে এদিন সকাল থেকেই ছিল বৃষ্টি। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট হারিয়েছে শ্রীলঙ্কাও। তবে শ্রীলঙ্কাকে এ ম্যাচ থেকে কোনো পয়েন্টই দিতে চাইনি বাংলাদেশ।
ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর সংবাদ সম্মেলনে আছেন বাংলাদেশ কোচ রোডস। বললেন তার হতাশার কথা, ‘‘খুবই হতাশার। এই ধরনের ম্যাচ থেকে দুটি পয়েন্ট সত্যিই আমাদের টার্গেট ছিল। আমি জানি শ্রীলঙ্কা কঠিন লড়াই করত। কোনোভাবেই তাদেরকে হালকা করে নেওয়ার সুযোগ নেই। তবে আমরা এই ম্যাচকে দেখছি, একটি পয়েন্ট হারানোর ম্যাচ হিসেবে এবং সেটি খুবই হতাশার।’’
এ নিয়ে বিশ্বকাপের এবারের আসরে মোট তিনটি ম্যাচ পরিত্যক্ত হলো। বৃষ্টি নিয়মিতই বাগড়া বসাচ্ছে। ইংল্যান্ডের আবহাওয়ার কথা বিবেচনা করে বিশ্বকাপে রিজার্ভ ডে রাখা উচিত ছিল বলে মনে করেন রোডস।
বাংলাদেশ কোচ বলেন, ‘‘দুঃখজনক হলেও সত্যি, ইংলিশ আবহাওয়ায় প্রচুর বৃষ্টিপাত হবেই। কখন বৃষ্টি আসবে কেউ নিশ্চয়তা দিতে পারে না। এই মুহূর্তে আমরা দেখছি সমস্যা হচ্ছে। অবশ্যই রিজার্ভ ডে রাখা উচিত ছিল।’’
