কেরানীগঞ্জে আদালত স্থানান্তর

খালেদার রিটের শুনানি হবে নিয়মিত বেঞ্চে

আপডেট : ১২ জুন ২০১৯, ০২:৪৮ এএম

নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিচারের জন্য ঢাকার কেরানীগঞ্জে আদালত স্থানান্তরে সরকারি গেজেট চ্যালেঞ্জে করা রিট আবেদনের শুনানি হবে হাইকোর্টের নিয়মিত বেঞ্চে। গতকাল মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি খায়রুল আলমের

 অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। গত সোমবার এ সংক্রান্ত শুনানি হওয়ার কথা থাকলেও আবেদনের সঙ্গে সম্পূরক নথি হলফনামা আকারে দাখিলের জন্য বিএনপি চেয়ারপারসনের আইনজীবীরা সময় চাইলে গতকাল শুনানির দিন ধার্য করেছিল আদালত।  

গতকাল খালেদা জিয়ার আইনজীবী এ জে মোহাম্মদ আলী নাইকো মামলা আমলে নেওয়ার বিচারিক আদালতের নথি হলফনামা আকারে দাখিল করেন। কিন্তু আদালত স্থানান্তরের গেজেটের কপি পাননি বলে জানায়। এরপরই এই রিট মামলা শুনানির জন্য হাইকোর্টের নিয়মিত বেঞ্চে পাঠানোর আদেশ দেয় ওই বেঞ্চ। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।   

গত ২৬ মে এ রিট আবেদনটি করা হয়। রিটে সাবেক কেন্দ্রীয় কারাগার থেকে বিশেষ জজ আদালত-৯ কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের একটি ভবনে স্থানান্তরে ১২ মে আইন মন্ত্রণালয় যে গেজেট জারি করেছিল, তা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, সে মর্মে রুল চাওয়া হয়। আর রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই গেজেটের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়। পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পরিত্যক্ত কারাগারের একটি ভবনে খালেদা জিয়ার বিরুদ্ধে কয়েকটি মামলার বিচারকাজ চলছিল।

গত বছরের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসনকে ৫ বছর ও অন্য আসামিদের ১০ বছর করে কারাদণ্ড দেয় ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত-৫। রায়ের পরপরই খালেদা জিয়াকে রাখা হয় পুরনো কেন্দ্রীয় কারাগারে। ওই রায়ের বিরুদ্ধে আপিল করা হলে গত বছরের ৩০ অক্টোবর খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছর করে হাইকোর্ট। এর আগের দিন ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। কারাবন্দি খালেদা জিয়া বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকে চিকিৎসাধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত