‘মিনি পাকিস্তান থেকে বিহারিদের তাড়াচ্ছে রোহিঙ্গারা’

আপডেট : ১২ জুন ২০১৯, ১০:৫৪ এএম

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারতের পশ্চিমবঙ্গ ‘মিনি পাকিস্তানে’ পরিণত হয়েছে। এ রাজ্য থেকে বিহারিদের তাড়িয়ে দিচ্ছে রোহিঙ্গারা।

একটি টেলিভিশন চ্যানেলে বিহারে বিজেপি জোট সরকারের প্রধান শরিক জেডিইউ’র মুখপাত্র অজয় অলোক এমন বিষোদ্‌গার করেছেন।

এনডিটিভি জানায়, বিহারে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের মূল দল জেডিইউ চার রাজ্যের বিধানসভা নির্বাচনে একলা লড়ার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমারকে ধন্যবাদ জানিয়ে প্রশংসাও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কিন্তু জেডিইউ মুখপাত্র অজয় অলোক হাঁঠলেন উল্টো পথে। তিনি বলেন, “পশ্চিমবঙ্গে যা হচ্ছে, তা গভীর চিন্তার বিষয়। এটা আমি দীর্ঘসময় ধরে দেখছি। আমি বুঝতে পারছি না, তিনি কেন আমাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিলেন এবং প্রশংসা করলেন।”

তার কথায়, “হয়তো জেডিইউ এনডিএ’র সঙ্গে নয়, চার রাজ্যে একা লড়ছে বলে তিনি (মমতা) খুশি। কিন্তু তার এই পদক্ষেপ তার ভুলগুলো ঢাকতে পারবে না।”

জেডিইউ মুখপাত্র বলেন, “তার (মমতা) রাজ্যকে মিনি পাকিস্তান হওয়ার মতো বিপদ থেকে তাকে রক্ষা করতে ব্যবস্থা নিতে হবে। তার ধন্যবাদ জ্ঞাপন আমাদের ভুলিয়ে দেবে না, যে পশ্চিমবঙ্গে বিহারিদের নিগ্রহ করা হচ্ছে এবং রাজ্য ছাড়তে বাধ্য করা হচ্ছে।”

আরেক ধাপ এগিয়ে তিনি বলেন, “মমতা দিদির মনে রাখা উচিত, তার সামনেই বিহারিদের তার রাজ্য থেকে বের করে দেওয়া হয়েছে। আমাদের লোকদের যারা রাজ্য থেকে তাড়িয়েছে, তারা বাঙালি নয়, তারা রোহিঙ্গা।”

এর আগে রোববার বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার ঘোষণা দেন, জাতীয় দলের স্বীকৃতি পেতে দিল্লি, ঝাড়খণ্ড, জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানায় লড়াই করবে তার দল জেডিইউ।

নিতীশ কুমারের ঘোষণার পরেই সংবাদমাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি নিতীশজির বিবৃতি জানতে পেরেছি, যে তিনি বিহারের বাইরে এনডিএ’র সঙ্গে নেই। আমি তাকে ধন্যবাদ জানাব। আমি তাকে স্বাগত জানাই।”

এদিকে পশ্চিমবঙ্গ ও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে জেডিইউ মুখপাত্রের এমন মন্তব্যের কড়া সমালোচনা করেছে বিহারের বিরোধী দল আরজেডি।

দলের রাজ্যসভার সাংসদ ও জাতীয় মুখপাত্র মনোজ ঝা বলেন, “এটা অশ্রাব্য। গত কয়েক বছর ধরে আমরা বলে আসছি, কেন্দ্রের শাসক দল বাংলায় বিভাজনের মতো আচরণ করছে।”

তিনি বলেন, “জেডিইউ’র এ ধরনের ভিত্তিহীন এবং অপমানজনক মন্তব্য আসলে বাস্তব ও ধারণার বশবর্তী হওয়ার মধ্যে পার্থক্য করে দেয়।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত