মাঠের বাইরেই জমজমাট বিশ্বকাপ

আপডেট : ১৩ জুন ২০১৯, ০৩:০৬ এএম

হোয়াটসঅ্যাপে পেলাম ছবিটা। বিশ্বকাপের মাথায় ছাতা! ফটোশপের কীর্তি, কোনো এক নাম-না-জানা শিল্পীর। রসিক ভাবনার পরিচয়। ব্রিটেনে সাধারণ মানুষ কাগজ খুলে সকালে প্রথমে পড়েন আবহাওয়ার খবর। সুটেড-বুটেড, সঙ্গে ছাতা এমন একটি ছবি বিলেতের মানুষ সম্পর্কে আমাদের মাথায় ঢুকে গিয়েছিল ছোট থেকেই। এতবার এসেছি ইংল্যান্ডে, ইংরেজদের ক্ষেত্রে ছবিটা পাল্টায়নি বিশেষ। উপমহাদেশীয়, মানে বাংলাদেশ-ভারত-পাকিস্তানের মানুষ অবশ্য এখন এখানে পাকাপাকি বসবাস করতে করতে সেই ছবিটা পাল্টে দিয়েছেন অনেকটাই। তবু, গোঁড়া রক্ষণশীল ইংরেজ এখনো ধরে রেখেছে সেই দস্তুর। অবস্থা এখন এমন, খেলার খবর নেবেন পরে, আগে জেনে নিতে হবে আবহাওয়ার পূর্বাভাস। কী বলছেন তারা? বৃষ্টি হবে? হলে, কতটা? খেলা ভেস্তে যেতে পারে? নাকি ওভার কমবে? সত্যিই এখন কোনো ক্রিকেটারের চোট আর কে আসতে পারেন প্রথম এগারোয়, ভাবনাগুলো যেন ক্রমেই দূরে সরে যাচ্ছে রোজ। বৃহস্পতিবার ভারতের খেলা নিউজিল্যান্ডের বিপক্ষে। শিখর ধাওয়ান খেলবেন না, জানা কথা। ঋষভ পান্তকে উড়িয়ে আনা হচ্ছে কিন্তু এখনই দলে নেওয়া হচ্ছে না, এ খবর ছাপিয়ে এখন যা আলোচনার কেন্দ্রে নটিংহ্যামে বিরাট কোহলি বনাম কেন উইলিয়ামসন কি দেখা যাবে?

বাংলাদেশের ইংরেজ কোচ স্টিভ রোডস মজা করে দুর্দান্ত মন্তব্য করেছিলেন, চাঁদে পাড়ি দিচ্ছে মানুষ আর আইসিসি ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখতে পারছে না? এবারের বিশ্বকাপের পরিপ্রেক্ষিতে সবচেয়ে প্রাসঙ্গিক প্রশ্ন, সন্দেহ নেই। তিন-তিনটি ম্যাচ ভেস্তে গিয়েছে, শুধু শ্রীলঙ্কারই দুটি ম্যাচ। বাংলাদেশ বেশ আশা নিয়েই তাকিয়েছিল, পরপর দুটি ম্যাচে হারের পর সাবেক বিশ্বজয়ীদের ধরাশায়ী করে আরও দুটি পয়েন্ট তুলে নিতে পারে ভেবে। ৪ পয়েন্ট নিয়ে পরের দুটি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে আরও জোরদার লড়াই করার মনোবল তৈরি হয়ে যেতেই পারত। কিন্তু বিলেতে বৃষ্টির খামখেয়ালিপনায় সন্তুষ্ট থাকতে হয়েছে ১ পয়েন্ট নিয়ে। উল্লেখ তো করতেই হবে, গত বিশ্বকাপে (২০১৫) অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিসবেনে খেলা এভাবেই ভেস্তে গিয়েছিল। ভাবী চ্যাম্পিয়নদের বিপক্ষে ওই ১ পয়েন্ট কিন্তু সেবার বাংলাদেশকে নকআউটে পৌঁছতে সাহায্য করেছিল, অস্বীকার করার উপায় নেই!

কথা অবশ্য সেটা নয়। কোনো দলই চায় না বিশ্বকাপের আসরে খেলতে এসে হোটেলের ঘরে সময় কাটাতে। আইসিসিই বা কী করতে পারত? ফরম্যাট পাল্টে কমে গিয়েছে দল, বেড়েছে দিন। ছয় সপ্তাহের বেশি চলবে প্রতিযোগিতা। প্রতিটি ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখতে গেলে কত দিন ধরে প্রতিযোগিতা? আইসিসি তাই ব্যাখ্যাও দিয়েছে, কেন রাখা যায়নি। অসম্ভব বলব না, কঠিন অবশ্যই। বৃষ্টি আসবে ধরে নিয়ে ক্রিকেট খেলা যতটা কঠিন, তার চেয়েও সংগঠকদের কাজটা, অন্তত এখানে, কঠিনতর।

সাংগঠনিক দিক দিয়ে আইসিসির অবশ্য নিস্তার নেই। কোত্থেকে উড়ে এসে জুড়ে বসেছে বেল-বিতর্ক। ছোট থেকে ক্রিকেট খেলে এসেছেন যারা, সবাই জানেন, বেল সবসময়ই হতে হয় হালকা। টেকনোলজির যুগে তা এলইডিযুক্ত হতে গিয়ে ভারী। ফলে বোলার মাথা খুঁড়ে ব্যাটসম্যানকে বোল্ড করেও দেখছেন, বল স্টাম্প ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে আর বেল থেকেই যাচ্ছে স্টাম্পের মাথায়! বোলারদের কাজটা দিনে দিনে আরও যে কত কঠিন হবে!

ইংল্যান্ডে এখন আরও একটি সমস্যা তৈরি করেছে মেয়েদের ফিফা ওয়ার্ল্ড কাপ, যা হচ্ছে পাশের দেশ ফ্রান্সে। জনপ্রিয়তায় মেয়েদের ফুটবল বিশ্বকাপ অবশ্য এখনো ছেলেদের বিশ্বকাপকে ছুঁতে পারেনি। কিন্তু বিলেতে মেয়েদের ফুটবলও যথেষ্ট জনপ্রিয়। মানুষ দেখছেন সেই খেলাও, বিশেষত ইংল্যান্ড যখন সেখানেও খারাপ খেলছে না এবং খেলাটা বেশি পয়সা খরচ না করেই দেখা যাচ্ছে। বিলেতে এসেই আঁচ পাওয়া গিয়েছিল সমস্যার, টেলিভিশনে সরাসরি ক্রিকেট বিশ্বকাপ দেখা এখানে বেশ দামি। বাংলাদেশ বা ভারতে আমরা হয়তো ভাবতেই পারব না, দেশের ক্রিকেট সরাসরি দেখতে চাইলে কত টাকা খরচ করতে হচ্ছে সাধারণ মানুষকে। স্কাই টিভি এই সুযোগে মাসপ্রতি ৩২ পাউন্ড দর হাঁকিয়ে রেখেছে, ব্রিটিশদের কাছেও যা বেশ বেশিই। ফলে ক্রিকেট অনুরাগীদের অনেকেই সেসব রেস্তোরাঁয় আগেই আসন ‘বুক’ করে রাখছেন ক্রিকেট ম্যাচের দিন, যেখানে খেলা সরাসরি দেখানো হচ্ছে। কিন্তু কতক্ষণই বা আসন ধরে রাখা সম্ভব? আর রেস্তোরাঁর আসন একে তো সুলভ নয়, দুয়ে সংখ্যায় অল্প। উপমহাদেশ হলে এতক্ষণে মোর্চা-মিছিল বেরিয়ে যেত, ইংরেজরা রাশভারী প্রবন্ধ লিখছেন ব্রডশিটে!

তাহলে, কী দাঁড়াল? বাংলাদেশ, বৃষ্টি, বেল, বিতর্ক মাঠের বাইরেই বেশ জমজমাট বিলেতে বিশ্বকাপ!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত