অনিয়মের অভিযোগ ও আন্দোলনের প্রেক্ষাপটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ২০০ চিকিৎসক নিয়োগ বাতিল হতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার সিন্ডিকেট সভায় এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর দপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গতকাল বুধবার রাতে দেশ রূপান্তরকে বলেন, বিএসএমএমইউর ভিসির সঙ্গে প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে কয়েকবার কথা বলেছেন। এ সময় ভিসিকে তিনি জানিয়েছেন, ডাক্তার নিয়োগে যদি কোনো অনিয়ম হয়ে থাকে তা অবশ্যই নিরসন করতে হবে। এক্ষেত্রে প্রতিষ্ঠানের বিধিবিধান অনুযায়ী যা করতে হয় তা করার পরামর্শ দিয়েছেন শেখ হাসিনা। ওই কর্মকর্তা জানান, এর পরিপ্রেক্ষিতে সিন্ডিকেট সভা ডাকা হয়েছে আজ বৃহস্পতিবার। সেখান থেকে নিয়োগ বাতিলের সিদ্ধান্ত আসতে পারে।
ওই কর্মকর্তা আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেন, বিএসএমএমইউতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হওয়া উচিত। তিনি চান, এই বিশ্ববিদ্যালয় এক নম্বর সেবামূলক প্রতিষ্ঠান হবে। এখানে কোনোভাবেই দলীয় বিবেচনায় ডাক্তার নিয়োগ হবে না।
এর আগে গত মঙ্গলবার গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে দলীয় নেতারা সাক্ষাৎ করতে গেলে বিএসএমএমইউতে নিয়োগ নিয়ে আন্দোলনের প্রসঙ্গ ওঠে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার আমলে তালিকা দিয়ে চাকরি হবে না। আমি হাওয়া ভবন স্টাইলে দেশ চালাই না।’ আলোচনার একপর্যায়ে তিনি বলেন, ‘বিএনপির আমলে বিএসএমএমইউতে অনিয়ম করে শিক্ষার্থী ভর্তি হয়েছে, হাওয়া ভবনের তালিকায় ডাক্তার নিয়োগ হয়েছে। শেখ হাসিনার আমলে সেই স্টাইলে হবে না।’ অনুষ্ঠানে উপস্থিত আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা দেশ রূপান্তরকে এ তথ্য জানান।
