বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দাঁতের চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক বলেছেন, জিহ্বার ডান দিকে ঘা হওয়ায় খালেদা জিয়া দু-তিন দিন ধরে মুখে ব্যথা অনুভব করছিলেন। এ কারণে গতকাল বুধবার তাকে বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের কনজারভেটিভ ডেনটিস্ট্রি অ্যান্ড অ্যান্ডোডনটিকস বিভাগে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
হাসপাতাল পরিচালক বলেন, পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায় তার জিহ্বার ডান পাশে কিছুটা ক্ষত হয়েছে। জিহ্বার ডান পাশের একটা দাঁতে ধার কিছুটা বেশি থাকায় এমন হয়েছে। এ কারণে মেশিন দিয়ে দাঁতটি মসৃণ করে দেওয়া হয়েছে। খালেদা জিয়া যেখানে ভর্তি আছেন সেই কেবিন ব্লকে দাঁত পরীক্ষার মেশিন আনা সম্ভব হয়নি বিধায় তাকে গাড়িতে দন্ত্য বিভাগে নেওয়া হয়।
আগের তুলনায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনেক ভালো বলে জানান পরিচালক। তিনি দেশ রূপান্তরকে বলেন, খালেদা জিয়াকে যে অবস্থায় বিএসএমএমইউতে আনা হয়েছিল এখন তার শারীরিক অবস্থা সে তুলনায় অনেক ভালো। ডায়াবেটিস আগের চেয়ে নিয়ন্ত্রণে আছে, নিয়মিত ইনসুলিন দেওয়া হচ্ছে।
গতকাল কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দুপুর ১টার দিকে হাসপাতালের ডেন্টাল অনুষদের কনজারভেটিভ ডেনটিস্ট্রি অ্যান্ড অ্যান্ডোডনটিকস বিভাগে নেওয়া হয়। সেখানে ৪৫ মিনিট পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা শেষে বেলা পৌনে ২টার দিকে একটি মাইক্রোবাসে পুনরায় কেবিন ব্লকে নিয়ে আসা হয়।
গত ২৫ মার্চ খালেদা জিয়াকে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে চিকিৎসার জন্য বিএসএমএমইউতে ভর্তি করা হয়। তিনি আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের সমস্যাসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন। ভর্তির পর গত ২৮ মার্চ খালেদা জিয়ার জন্য ৫ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদ- ও আর্থিক জরিমানা করা হয়। এ রায় ঘোষণার পরপরই খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। বিএসএমএমইউতে স্থানান্তরের আগে তিনি সেখানেই বন্দি ছিলেন।
