৪৫ কোটি টাকা আত্মসাৎ

বিটিসিএলের সাবেক এমডির বিরুদ্ধে দুদকের চার্জশিট

আপডেট : ১৩ জুন ২০১৯, ০৩:২৯ এএম

অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. মো. আবু সাইদ খানসহ সাত কর্মকর্তার বিরুদ্ধে সম্পূরক চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদকের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৪৪ কোটি ৯৬ লাখ ৯৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০১২ সালের ৫ নভেম্বর রমনা থানায় মামলা করেন দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম। মামলার আসামিরা ছিলেন আই পাওয়ার কমিউনিকেশন প্রাইভেট লিমিটেডের পরিচালক মাকসুদুল লতিফ, আই পাওয়ার কমিউনিকেশনের স্থানীয় প্রতিনিধি ও রাজটেক লিমিটেডের এমডি হাসিবুল বাসার। তারা অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির আশ্রয়ে জনতা ব্যাংকের ১২ লাখ ৬০ হাজার মার্কিন ডলারের ভুয়া ব্যাংক গ্যারান্টি দাখিল করেন। তারা চুক্তি বহির্ভূতভাবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মাধ্যমে সমপরিমাণ টাকার ভুয়া সুইফট মেসেজ দাখিল করেন অগ্রণী ব্যাংকে। ভুয়া ব্যাংক গ্যারান্টি দাখিলের ওই মামলায় মাকসুদুল লতিফ ও হাসিবুল বাসারের বিরুদ্ধে আগেই আদালতে চার্জশিট দাখিল করে দুদক। অধিকতর তদন্তে দেখা যায়, বিটিসিএল সাবেক পরিচালক (আন্তর্জাতিক) মাহফুজার রহমান, সাবেক বিভাগীয় প্রকৌশলী আবদুল হালিম, সাবেক পরিচালক (আন্তর্জাতিক) মাহবুবুর রহমান, সাবেক বিভাগীয় প্রকৌশলী এ কে এম আসাদুজ্জামান, সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. মো. আবু সাইদ খান ও এস এম খাবিরুজ্জামান এবং সাবেক পরিচালক (অর্থ ও হিসাব) মো. ইলিয়াস কামাল দুই আসামিকে অর্থ আত্মসাতে সহায়তা করেন। তাদের প্রত্যক্ষ সহযোগিতায় বিভিন্ন ছলচাতুরীর আশ্রয়ে আই পাওয়ার কমিউনিকেশন পুনঃসংযোগ গ্রহণ করে বিটিসিএলের ৪৪ কোটি ৯৬ লাখ ৯৪ হাজার ১৭৭ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে আত্মসাৎ করেন। দুদক তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত