সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনের গ্রেপ্তারি পরোয়ানা বুধবার তার পৈতৃক নিবাস যশোরে পৌঁছেছে।
বিষয়টি নিশ্চিত করে যশোর অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আনসার উদ্দিন জানিয়েছেন, সাবেক ওসি মোয়াজ্জেমের বাড়ি ও তার স্বজনদের নজরদারিতে রাখা হয়েছে।
পুলিশ জানায়, যশোর শহরের চাঁচড়া ডালমিল রায়পাড়ায় মোয়াজ্জেমদের বাড়িটিতে এখন তার দুই ভাই ও এক বোন মায়ের সঙ্গে বসবাস করেন। ঈদের আগে স্বজনদের সঙ্গে কথা হয় মোয়াজ্জেমের। এখন গ্রেপ্তারি পরোয়ানা আসায় বাড়িটি ও তার স্বজনদের নজরদারিতে রাখা হয়েছে।
প্রসঙ্গত, গত ৬ এপ্রিল সকালে নুসরাত আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় গেলে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। শরীরের ৮০ শতাংশ পোড়া নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর মারা যান তিনি। মৃত্যুর আগে মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে আগুন ধরিয়ে দেওয়ার বর্ণনা দিয়ে যান নুসরাত।
সোনাগাজী থানার তৎকালীন ওসি মোয়াজ্জেম হোসেন সে সময় নুসরাতকে আপত্তিকর প্রশ্ন করে বিব্রত করেন এবং তা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। ওই ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হলে আদালতের নির্দেশে সেটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল গত ২৭ মে পরোয়ানা জারি করেন।
পরোয়ানার জারির পর থেকে পলাতক রয়েছেন আলোচিত ওই পুলিশ কর্মকর্তা।
