মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যাকাণ্ডের আলোচিত ফেনীর সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনের গ্রেপ্তারি পরোয়ানা গত বুধবার যশোরে তার পৈতৃক বাড়িতে পৌঁছেছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আনসার উদ্দিন জানিয়েছেন, সাবেক ওসি মোয়াজ্জেমের বাড়ি ও তার স্বজনদের নজরদারিতে রাখা হয়েছে।
পুলিশ জানায়, যশোর শহরের চাঁচড়া ডালমিল রায়পাড়ায় মোয়াজ্জেমদের বাড়িটিতে এখন তার দুই ভাই ও এক বোন মায়ের সঙ্গে বসবাস করেন। ঈদের আগে স্বজনদের সঙ্গে কথা হয় মোয়াজ্জেমের। এখন গ্র্রেপ্তারি পরোয়ানা আসায় বাড়িটি ও তার স্বজনদের নজরদারিতে রাখা হয়েছে।
পিবিআই গত ২৭ মে আদালতে অভিযোগপত্র জমা দিলে ওই দিনই গ্র্রেপ্তারি পরোয়ানা জারি হয়। পরোয়ানা জারির পর থেকে পলাতক রয়েছেন আলোচিত ওই পুলিশ কর্মকর্তা।
