৮.২% প্রবৃদ্ধির আশা

আপডেট : ১৪ জুন ২০১৯, ০৩:২৩ এএম

আগামী ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির হার অর্জনের লক্ষ্য ধরা হয়েছে ৮ দশমিক ২ শতাংশ। চলতি ২০১৮-১৯ অর্থবছরে লক্ষ্যমাত্রা ছিল ৭ দশমিক ৮ শতাংশ। যদিও চলতি অর্থবছর শেষে ৮ দশমিক ১৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হবে বলে প্রাক্কলন করা হয়েছে।

এদিকে আগামী অর্থবছরে গড় মূল্যস্ফীতি ৫ দশমিক ৫ শতাংশে ধরে রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে প্রস্তাবিত বাজেটে।

গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আগামী অর্থবছরের জন্য যে বাজেট প্রস্তাবনা পেশ করেন তাতে বলা

হয়েছে, ২০১৯-২০ অর্থবছরেও জিডিপি প্রবৃদ্ধি বাড়বে। ২০২৩-২৪ সালনাগাদ ১০ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হবে এবং ২০৪১ সালনাগাদ এটি অব্যাহত থাকবে। তিনি বলেন, বিগত এক দশকে জিডিপি প্রবৃদ্ধি ক্রমাগত ঈর্ষান্বিত হারে বেড়েছে। চলতি অর্থবছর শেষে ৮ দশমিক ১৩ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে প্রত্যাশা করি।

লিখিত বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, শিল্প খাতে প্রবৃদ্ধি বাড়ানোর মাধ্যমে জিডিপি প্রবৃদ্ধি ত্বরান্বিত ও কর্মসংস্থানের ব্যবস্থা আমাদের লক্ষ্য। অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে এ লক্ষ্য বাস্তবায়ন করা হবে। এ ছাড়া সেবা খাত, বিশেষ করে পর্যটন, আবাসন ও কৃষি খাতের উন্নয়নকে প্রাধান্য দেওয়া হবে।

বাজেট বক্তৃতায় মূল্যস্ফীতি নিয়ে কামাল বলেন, মূল্যস্ফীতি প্রাক্কলন করা হয়েছে ৫ দশমিক ৫ শতাংশ। আমাদের লক্ষ্য থাকবে কৃষি, শিল্প, ব্যবসা, রপ্তানি, আবাসন, সেবা খাতসহ সব খাতকে প্রতিযোগিতামূলক অবস্থানে নিয়ে যাওয়া। এর উদ্দেশ্য হলো দারিদ্র্য নিরসন, কর্মসংস্থান সৃষ্টি ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা। প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনৈতিক মূল ধারায় আনা, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য বিশেষ ব্যবস্থা এবং আয়বৈষম্য নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত