নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করে সুবিচার পাননি বলে দাবি বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্তের। বর্ষীয়ান অভিনেতাকে মুম্বাই পুলিশের ক্লিনচিট দেওয়াকে বললেন, ‘বিরক্তিকর।’ সঙ্গে আশঙ্কা জানালেন, নানা আবারও মেয়েদের হেনস্তা করবেন!
ভারতীয় সংবাদমাধ্যমকে তনুশ্রী বলেন, ‘‘বিরক্তিকর। কারণ নানা প্রথম থেকেই ক্লিনচিট পাওয়ার চেষ্টা করেছিল। আমি আগেও সাক্ষাৎকারে বলেছি, প্রত্যক্ষদর্শীদের হুমকি দিয়ে ফোন করা হয়েছে। পুলিশের কাছে যাতে তারা বয়ান রেকর্ড না করাতে পারে, তার জন্য সব রকম চেষ্টা করা হয়েছে।”
সঙ্গে যোগ করেন, “১০ জন প্রত্যক্ষদর্শী ছিলেন। তার মধ্যে দুজনের বয়ান রেকর্ড করা সম্ভব হয়েছিল। বাকিরা হুমকি ফোন পাওয়ার পর আর সামনেই আসেননি।’’
এদিকে পুলিশের ডেপুটি কমিশনার পরমজিৎ সিং দাহিয়া জানান, আন্ধেরির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সামনে ‘বি সামারি’ রিপোর্ট পেশ করেছে ওশিওয়াড়া পুলিশ। চার্জশিট তৈরির জন্য অভিযুক্তের বিরুদ্ধে যখন যথেষ্ট প্রমাণ পাওয়া যায় না, তখন ‘বি সামারি’ রিপোর্ট জমা দেওয়া হয়।
নায়িকার আইনজীবী নিতিন সতপুতে সংবাদমাধ্যমকে জানান, নানা পুলিশকে দীর্ঘদিন ধরেই চাপ দিয়ে এসেছেন। বিভ্রান্তও করেছেন।
তথ্য-প্রমাণ পায়নি পুলিশ- এ প্রসঙ্গে তনুশ্রীর প্রশ্ন, ‘‘কেন এত তাড়াহুড়ো করে বি সামারি রিপোর্ট দেওয়া হলো? তবে আমি একেবারেই চমকে যাইনি। যদি ধর্ষণে অভিযুক্ত অলোক নাথ ক্লিন চিট পেয়ে অভিনয়ে ফিরতে পারেন, তা হলে নানা রেহাই পাবেন না কেন? ফের নিরীহ মেয়েদের হেনস্তা করবেন! ঈশ্বরের বিচারের আশায় রইলাম। আমি লড়াই চালিয়ে যাব।’’
সর্বশেষ অক্টোবরে নানার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনেন তনুশ্রী। তার দাবি, ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবিতে গানের শুটিংয়ের সময় এ ঘটনা ঘটে। আরও অভিযোগ, গানের শুটিংয়ে আপত্তি সত্ত্বেও নানা একাধিকবার তাকে আপত্তিকরভাবে ছুঁয়েছিলেন।
তনুশ্রীর অভিযোগ বলিউডে হ্যাশট্যাগ মিটু’র ঝড় তোলে। এরপর অনেকের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ ওঠে।
