সংস্কৃতি খাতে অপ্রতুল বাজেটের প্রতিবাদে সমাবেশের ডাক

আপডেট : ১৪ জুন ২০১৯, ০৬:২৯ পিএম

বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ কমানোর প্রতিবাদ জানাতে সমাবেশ ডেকেছে সারা দেশের আড়াইশ’ নাট্যসংগঠনের প্রতিনিধিত্বশীল সংগঠন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান।

শনিবার বিকেল ৫টায় সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার সামনে এই প্রতিবাদ সমাবেশে দেশের বরেণ্য নাট্যব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন।

এ তথ্য জানিয়েছেন সংগঠনটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল চন্দন রেজা।

দেশ রূপান্তরকে শুক্রবার বিকেলে তিনি বলেন, “এবারের বাজেট সংস্কৃতি খাতের জন্য মোটেও সন্তোষজনক হয়নি। বিষয়টি নিয়ে আমাদের সংস্কৃতিকর্মীরা প্রতিবাদ জানাবে। গ্রুপ থিয়েটার ফেডারেশানের এই আয়োজনের মাধ্যমে আমরা সরকারের কাছে দাবি জানাবো সংশোধিত বাজেটে যেন সংস্কৃতি খাতের জন্য মূল বাজেটের এক শতাংশ বরাদ্দ রাখা হয়।”

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট পেশ করা হয়। এবারের বাজেটের আকার ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। এর মধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জন্য প্রস্তাব করা হয়েছে ৫৭৫ কোটি টাকা।

আগের বাজেটে এই খাতে প্রস্তাব করা হয় ৫১০ কোটি টাকা, সংশোধিত বাজেট ছিল ৬২৫ কোটি টাকা। 

অন্যদিকে তথ্য মন্ত্রণালয়ের বিনোদন, সংস্কৃতি ও ধর্ম খাতে গতবার প্রস্তাবিত বাজেট ছিল ১১৬৫ কোটি, সংশোধিত বাজেট ছিল ৯২৮ কোটি। এবারের প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে ৯৮৯ কোটি টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত