ওষুধ মেয়াদোত্তীর্ণ হবে, এটা স্বাভাবিক: পাপন

আপডেট : ১৪ জুন ২০১৯, ১০:১৫ পিএম

বাংলাদেশ ওষুধ শিল্প মালিক সমিতির সভাপতি নাজমুল হাসান পাপন মেয়াদোত্তীর্ণ ওষুধ নিয়ে সাধারণ জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। 

তিনি বলেন, ওষুধ মেয়াদোত্তীর্ণ হতেই পারে। এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। 

শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব বলেন। 

নাজমুল হাসান পাপন বলেন, ফার্মেসিতে যে তাপমাত্রায় ওষুধ রাখার কথা, সেই তাপমাত্রায় রাখা হয় না। বিদেশে যেভাবে ফার্মেসিতে ওষুধ রাখা হয়, সেসব ফার্মেসি আমাদের দেশে নেই। 

তিনি বলেন, এজন্য অনেক ওষুধ নষ্ট হয়, কিন্তু নষ্ট হলে দোকানিদের কোনো ক্ষতি নেই। কোম্পানিকে ফেরত দিলে তারা ওষুধ পেয়ে যায়। কিন্তু তারা যদি সেই ওষুধ বিক্রি করে, তাহলেই সমস্যা। আমার জানা মতে, দোকানিরা এসব ওষুধ বিক্রি করার কথা নয়।

ওষুধ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে স্বয়ংসম্পূর্ণ দেশ মন্তব্য করে তিনি বলেন, আমরা দেশের ৯৫ শতাংশ ওষুধের চাহিদা পূরণ করে থাকি, এটা বিশ্বে বিরল। শুধু উন্নত দেশ হলে হয় না, সিঙ্গাপুর কত উন্নত দেশ, তারপরও তারা ৮৮ শতাংশ ওষুধ বিদেশ থেকে আমদানি করে। 

ওষুধ শিল্প মালিক সমিতির সভাপতি বলেন, যে ৯৩ শতাংশ দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধের কথা বলা হচ্ছে, মনে হয় না এতো শতাংশ হবে। তবে ওষুধ মেয়াদোত্তীর্ণ হবে, এটা স্বাভাবিক। কিন্তু মেয়াদোত্তীর্ণ ওষুধ দোকানে রাখার কথা নয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত