শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের পাঁচক গ্রামের এক বাড়িতে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের সাটারিংয়ের কাঠ খুলতে গিয়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতরা শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে ওই গ্রামের সালাউদ্দিন গোরাপির বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন একই গ্রামের শাহ আলম গোরাপির ছেলে শাহাদাৎ গোরাপি (২০) ও লিটন খানের ছেলে তারেক খান (২০)।
নিহত তারেক খানের বাবা বলেন, ‘সালাউদ্দিন গোরাপির বাড়িতে দুই মাস আগে সেপটিক ট্যাংক তৈরি করা হয়। ট্যাংকের ঢাকনা বন্ধ ছিল। পরে শুক্রবার প্রথমে ওই ট্যাংকের ঢাকনা খুলে সাটারিংয়ের কাঠ খুলতে নামেন শাহাদাৎসহ কয়েকজন। ট্যাংকটি অনেক দিন বন্ধ থাকায় গ্যাস জমে ছিল। সেই গ্যাসেই তারা গুরুতর আহত হয়। ট্যাংকে নেমে আমার ছেলে তারেকও মারা গেল।’
নড়িয়া থানার ওসি এ কে এম মঞ্জুরুল হক আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।
