অসমিয়া গানটির জন্য ভালো সাড়া পেয়েছি

আপডেট : ১৫ জুন ২০১৯, ১২:০৪ এএম

জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। গেল ঈদে বেশ কিছু গান প্রকাশ হয়েছে তার। এ নিয়ে কথা বলেছেন তিনি

অসমিয়া গান

ক্যারিয়ারে অনেক ধরনের গানেই কণ্ঠ দিয়েছি। এই প্রথম অসমিয়া গান কাভার করলাম। অবসরে ইউটিউবে গান শুনি। একদিন হঠাৎই এই গানটি সামনে চলে আসে। শোনার পর খুব ভালো লাগে। কাভার করার চিন্তা করি। নিজের ইউটিউব চ্যানেলেই ‘সখি পিয়া’ শিরোনামের গানটির ভিডিও প্রকাশ করেছিলাম। গানটির নতুন সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন। ভিডিও পরিচালনায় আবিদ হাসান। প্রকাশের পর যারাই শুনছেন গানটির প্রশংসা করছেন। সংগীতের কোনো সীমানা নেই। যেকোনো গান যে কারও মন কাড়তে পারে।

নাটকের গান

চলচ্চিত্রের অনেক গান গাইলেও প্রথমবার নাটকের গান গাইলাম আমি আর ইমরান। ‘কথা দিলাম’ শিরোনামের গানটি ব্যবহার হয়েছে মাবরুর রশীদ বান্নাহর ঈদের নাটক ‘আঙুলে আঙুলে’তে। অভিনয় করেছেন জনপ্রিয় জুটি তাহসান আর নুসরাত ইমরোজ তিশা। গানটি লিখেছেন সুহৃদ সুফিয়ান, সুর-সংগীতায়োজনে আহমেদ হুমায়ুন। দর্শক নতুন কিছু পেয়েছেন বলেই এত জনপ্রিয়তা পেয়েছে গানটি।

ঈদের আরও গান

ঈদের সিনেমায় আমার গান ছিল। এ ছাড়া সাউন্ডটেকের ব্যানারে কলকাতার আকাশের সঙ্গে আমার দ্বৈত গান ‘মিশে গেছে মন’-এর মিউজিক ভিডিও এসেছে। এটিও বেশ সাড়া ফেলেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত