বিশ্ব সংগীত দিবসে ভাইবোনের দুই গান

আপডেট : ১৫ জুন ২০১৯, ১২:০৪ এএম

প্রিয় সংগীতশিল্পী দম্পতি প্রয়াত বশির আহমেদ ও মিনা বশিরের দুই সন্তান রাজা বশির ও হুমায়রা বশিরও বাবা-মায়ের দেখানো পথে চলছেন। গানকে ধ্যান-জ্ঞান করে এগিয়ে চলছেন তারা। সম্প্রতি রাজা বশিরের সুর ও সংগীতে দুটি গান তৈরি হয়েছে। একটি তিনি নিজে ও অন্যটিতে বোন হুমায়রা বশির কণ্ঠ দিয়েছেন। এরই মধ্যে গান দুটির দৃষ্টিনন্দন মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। আসছে ২১ জুন বিশ^ সংগীত দিবসে সারগাম সাউন্ড স্টেশনের ব্যানারে মিউজিক ভিডিও দুটি প্রকাশ হবে। দুটি গানই লিখেছেন ভূইয়া শফিকুল। রাজার গাওয়া ‘বরষা’ গানটির ভিডিওর শ্যুটিং হয়েছে অস্ট্রেলিয়ায়। আর হুমায়রার ‘তোমার চোখের মায়ায়’ গানটির ভিডিও হয়েছে টাঙ্গাইলের জমিদার বাড়িতে।

হুমায়রা বলেন, ‘এমনিতেই গান আমার প্রাণের তৃপ্তি জোগায়। নতুন একটি গানে কণ্ঠ দিতে পারলে পৃথিবীর সব দুঃখ-কষ্ট ভুলে যাই। কারণ, গানের মাধ্যমেই বাবা-মাকে স্মরণ করতে পারি। আর সেই গান যদি হয় আপন ভাইয়ের সুর-সংগীতে, তাহলে আনন্দ কয়েক গুণ বেড়ে যায়। আমরা চেষ্টা করছি গানের এই অস্থির সময়ে শুদ্ধ সুরের মিষ্টি মেলোডিয়াস কিছু গান উপহার দিতে। যে গানগুলো শ্রোতারা একান্ত আপন মুহূর্তে শুনলে আলাদা ভালোলাগার আবেশে ভাসবেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত