তার নাম মোহাম্মদ বশির কিন্তু সবাই তাকে ‘শিকাগো চাচা’ নামেই চেনে। মূলত আমেরিকার শিকাগোতে তিনি থাকেন বলেই তার এই নাম। ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে বশিরের সম্পর্কটা সেই ২০১১ বিশ্বকাপ থেকে। ২০১১ বিশ্বকাপে সেমিফাইনালে ভারত-পাকিস্তান ম্যাচ থেকে শুরু করে প্রতিটি বিশ্বকাপে ভারত ও পাকিস্তান ম্যাচের টিকিট বশিরকে দেন ধোনি। এবারও নিরাশ করেননি। আগামীকাল ম্যানচেস্টারে হতে যাওয়া ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট দিয়েছেন বশির ওরফে ‘শিকাগো চাচা’কে।
ভারত ও পাকিস্তানের ম্যাচ দেখতে শিকাগো শহর থেকে এরই মধ্যে ম্যানচেস্টারে পৌঁছেছেন বশির। তবে সঙ্গে আনেননি কোনো ম্যাচ টিকিট। কারণ তিনি জানতেন ধোনি তার জন্য টিকিটের ব্যবস্থা করবেন। বশিরের জন্ম কিন্তু পাকিস্তানের করাচিতে। বলছিলেন, ‘আমি এখানে গতকাল (বৃহস্পতিবার) এসেছি এবং দেখছি মানুষ একটি টিকিটের জন্য ৮০০ থেকে ৯০০ পাউন্ডও দিতে প্রস্তুত। শিকাগো ফিরে যেতেও একই রকম খরচ হয়। ধোনিকে ধন্যবাদ, আমার টিকিটের জন্য কষ্ট করতে হয়নি।’ বশিরের জন্ম পাকিস্তানে হলেও তিনি ভারতকে সমর্থন করেন ম্যাচে।
