১০ বিহারি হত্যার তদন্তে অবহেলার অভিযোগ

আপডেট : ১৫ জুন ২০১৯, ০২:৩৬ এএম

রাজধানীর পল্লবীর কালশীতে নয় বিহারিকে পুড়িয়ে ও একজনকে গুলি করে হত্যা মামলার তদন্তে অবহেলার অভিযোগ এনেছে উর্দু স্পিকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্ট (ইউএসপিওয়াইআরএম)। একই সঙ্গে বিহারিদের এ সংগঠন মামলাটি পুলিশ ব্যুারো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দেওয়ার দাবি জানায়। গতকাল শুক্রবার মিরপুর-১১-এর বেনারসি পল্লী থেকে ভাসানী মোড় পর্যন্ত কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে এ দাবি জানায় তারা।

সংগঠনের সভাপতি সাদাকাত খান ফাক্কু বলেন, ‘এত বড় হত্যাকাণ্ডের পাঁচ বছর অতিবাহিত হলেও এখনো কোনো অপরাধী গ্রেপ্তার হয়নি। আজও শুনতে হচ্ছে এ মামলায় কাউকে অভিযুক্ত করে প্রতিবেদন দেওয়া সম্ভব হয়নি। ২০১৪ সালে শুনেছিলাম অভিযুক্ত জুয়েল রানাসহ চারজনকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। কিন্তু কোনো এক অজানা কারণে সবকিছু হঠাৎ থেমে গেল।’

উর্দুভাষীরা অবহেলা ও বৈষম্যের শিকার এমন অভিযোগ করে তিনি বলেন, ‘একজন মানুষ যদি সড়ক দুর্ঘটনায় মারা যায় তার জন্য বহু আইনজীবী ও মানবাধিকার সংস্থা নিজ উদ্যোগে মামলা করে। অথচ ১০ জনকে পুড়িয়ে মারল তার বিচার চেয়ে কেউ মামলা করল না। এর কারণ হচ্ছে আমরা উর্দুভাষী। যারা খুন হয়েছেন তাদের দুর্ভাগ্য তারা বাংলাদেশে জন্মেছিলেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত