কর্ণফুলী নদীতে একটি কন্টেইনারবাহী জাহাজের সঙ্গে অয়েল ট্যাংকারের সংঘর্ষের কারণে চট্টগ্রাম বন্দর চ্যানেলে প্রায় তিন ঘণ্টা জাহাজ চলাচল বন্ধ ছিল। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে কর্ণফুলী চ্যানেলের চট্টগ্রাম ড্রাইডক ও বোট ক্লাবসংলগ্ন অংশে এ দুর্ঘটনা ঘটে। পরে বেলা ১১টার দিকে আবার জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
বন্দর কর্মকর্তারা জানান, বহির্নোঙর থেকে কন্টেইনারবাহী জাহাজ এমভি এক্সপ্রেস মহানন্দাকে বন্দর জেটিতে নেওয়ার পথে ডলফিন জেটি থেকে বের হয়ে আসা অয়েল ট্যাংকার এমটি বুরগানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে জাহাজ দুটির একটি অপরটির সঙ্গে আটকে যায়। এর পরপরই বন্দর চ্যানেলে জাহাজ চলাচল বন্ধ হয়ে পড়ে। বন্দরের ছয়টি টাগ বোট দিয়ে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর জাহাজ দুটিকে ছাড়ানো সম্ভব হয়। এরপর কন্টেইনার জাহাজ মহানন্দাকে টাগ বোট দিয়ে টেনে চট্টগ্রাম ড্রাইডক জেটির কাছে নিয়ে যাওয়া হয়। ওই জাহাজে ৭৪৪ টিইইউস আমদানি পণ্যবাহী কন্টেইনার রয়েছে। অন্যদিকে অয়েল ট্যাংকার এমটি বুরগানকে ডলফিন জেটির কাছে রাখা হয়েছে।
চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক জানিয়েছেন, জাহাজ দুটি সরানোর পর ১১টার দিকে বন্দর চ্যানেল জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হয়। তিনি জানান, দুই জাহাজের সংঘর্ষের ঘটনা তদন্তে ডেপুটি কনজারভেটর মো. ফরিদুল আলমের নেতৃত্বে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বন্দরের চিফ হাইড্রোগ্রাফার ও একজন পাইলটকে সদস্য করা হয়েছে। কমিটি তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করবে।
