ব্যাগভর্তি পাঁচ-দশ টাকার নোট নিয়ে শাবানার বাড়িতে পরিচালক

আপডেট : ১৫ জুন ২০১৯, ০২:২১ পিএম

বাংলা সিনেমার সবচেয়ে জনপ্রিয় নায়িকা শাবানার জন্মদিন শনিবার। এই দিনে ভক্তরা তাকে নানাভাবে স্মরণ করছেন।

পরিচালক মালেক আফসারীও শেয়ার করলেন মজার স্মৃতি। তিনি জানান, নিজের প্রথম ছবিতে শাবানাকে পারিশ্রমিক হিসেবে দিয়েছিলেন ৬০ হাজার টাকা। আর পুরোটাই পাঁচ-দশ টাকার নোটে বাজারের ব্যাগভর্তি করে নায়িকার বাসায় নিয়ে যান।

আলোচিত নির্মাতা লেখেন, “১৯৮৩। ম্যাডাম শাবানা। আমার প্রথম ছবির নায়িকা। প্রথম ছবিতে ৬০ হাজার টাকায় উনাকে কাস্ট করি। কিন্তু উনি বলেন, টাকা এক সাথে দিতে হবে। আমি রাজি হয়ে যাই।”

এরপর জানান, “পরদিন ৬০ হাজার টাকার ৫ ও ১০ টাকার নোট চিকন দড়িতে বেঁধে, বাজারের ব্যাগে ভরে হাজির হই ওনার গুলশানের বাড়িতে। এক ব্যাগ ভাংতি টাকা দেখে উনি অবাক হয়ে বলেন, এই তুই কি পাগল?”

‘ওনার মুখে তুই'টা দারুণ শোনায়’ উল্লেখ করেন পরিচালক বলেন, “ভাংতি টাকা নেওয়ার পেছনে- কারণ ওনার মতো বড় স্টারের দৃষ্টি আকর্ষণ করা।”

‘ঘরের বউ’ নামের সিনেমাটি আফসারীর ভাষায় ‘বিগ হিট’। এরপর এই পরিচালকের সঙ্গে ক্ষমা ও দুর্জয় সিনেমায় অভিনয় করেন শাবানা। এই দুটি ছবি প্রথমটির চেয়ে বেশি ব্যবসা করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত