বাদ পড়লেন অপু বিশ্বাস, যুক্ত হলেন শবনম বুবলী

আপডেট : ১৫ জুন ২০১৯, ০৬:১২ পিএম

বাণিজ্যিক সিনেমার নন্দিত নির্মাতা জাকির হোসেন রাজু ৬ বছর আগে ঘোষণা দিয়েছিলেন ‘মনের মতো মানুষ পাইলাম না’ছবি নির্মাণ করবেন। ২০১৩ সালে শাকিব খান ও অপু বিশ্বাস জুটিকে নিয়ে ছবির মহরতও করেছিলেন। কিন্তু নানা কারণে ছবিটির শুটিং মাঠে গড়ায়নি।

দীর্ঘ ৬ বছর পর আবারও ওই ছবিটির কাজ শুরু করেছেন পরিচালক রাজু। রমজান মাস থেকে ছবির কাজ শুরু করেছেন বলে দেশ রূপান্তরকে জানালেন তিনি। ১৫ জুন থেকে এফডিসিতে শুটিং করছেন।

এদিকে জানা গেল, ছবিতে শাকিব খান থাকলেও থাকছেন না অপু বিশ্বাস। তার বদলে যুক্ত হচ্ছেন শবনম বুবলী।

দেশ রূপান্তরকে জাকির হোসেন রাজু বলেন, ‘৬ বছর আগে ছবির মহরত করেছিলাম। কিন্তু কাজ তো করিনি। ৬ বছর পরে যখন কাজটা শুরু করছি তখন পুরোপুরি নতুন রূপেই শুরু করছি। গল্পেও কিছুটা পরিবর্তন এনেছি। আর আগের যে প্রযোজক ছিল তিনিও এখন নেই। ফলে বলতে পারেন পুরো ছবিটিই নতুন।’

অপু বিশ্বাসকে বাদ দেওয়ার প্রসঙ্গ উঠলে তিনি বলেন, ‘দেখুন একটি ছবি এন্টি করার পর এক বছরের মধ্যে শুটিং না করলে সেটা বাতিল হয়ে যায়। আর আমি তো ৬ বছর পর শুটিং করছি। ফলে আগে কাকে চুক্তিবদ্ধ করেছিলাম সেটা নিয়ে কিছু বলতে চাই না।’

সিনেমাটির চিত্রনাট্য রচনা করছেন আবদুল্লাহ জহির বাবু। সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে সিনেমাটির দুটি গানের রেকর্ডিংও সম্পন্ন হয়েছে। গাজী মাজহারুল আনোয়ার ও জাকির হোসেন রাজুর কথায় গান দুটির সুর ও সংগীত করেছেন শফিক তুহিন। কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা খ্যাত সংগীতশিল্পী রাশেদ।

উল্লেখ্য, এর আগে জাকির হোসেন রাজু শাকিব খানকে নিয়ে ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ‘মনে প্রাণে আছ তুমি’, ‘স্বামীর সংসার’, ‘আমার প্রাণের প্রিয়া’, ‘মা আমার স্বর্গ’, ‘মনের ঘরে বসত করে’ ছবিগুলো নির্মাণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত