এই দিনে ১৬ জুন

আপডেট : ১৫ জুন ২০১৯, ১০:০১ পিএম

কবি, প্রাবন্ধিক, অনুবাদক এবং সাহিত্যের অধ্যাপক ও সাহিত্যকাগজের সম্পাদক খোন্দকার আশরাফ হোসেন ২০১৩ সালের ১৬ জুন মৃত্যুবরণ করেন। জামালপুরের সরিষাবাড়ী উপজেলার জয়নগর গ্রামে ১৯৫০ সালের ৪ জানুয়ারি জন্মগ্রহণ করেন তিনি। ১৯৬৫ সালে স্থানীয় ভাটারা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করে জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন।  তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে ১৯৭০ সালে স্নাতক এবং ১৯৭১ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীকালে যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালযয় থেকে ভাষাতত্ত্ব ও ধ্বনিতত্ত্ব বিষয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা এবং ১৯৮১ সালে ভাষাতত্ত্ব বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। খোন্দকার আশরাফ হোসেন ১৯৭৩ সাল থেকে ২০১৩ সাল অবধি টানা চার দশক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অধ্যাপনা করেছেন। ২০১৩ সালে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের কিছুদিনের মধ্যেই তার প্রয়াণ ঘটে। খোন্দকার আশরাফ হোসেনের প্রথম দুটি কাব্যগ্রন্থ ‘তিন রমণীর ক্বাসিদা’ (১৯৮৪) এবং ‘পার্থ তোমার তীব্র তীর’ (১৯৮৬) সমালোচক ও কবিদের নজর কাড়ে এবং কবি হিসেবে তিনি দ্রুতই নিজের আসন পাকাপোক্ত করেন। পরে লিখেছেন ‘জীবনের সমান চুমুক’ (১৯৮৯), ‘সুন্দরী ও ঘৃণার ঘুঙুর’ (১৯৯২), ‘যমুনাপর্ব’ (১৯৯৮), ‘জন্মবাউল’ (২০০১), ‘তোমার নামে বৃষ্টি নামে’ (২০০৭), ‘(আয়) না দেখে অন্ধ মানুষ’ (২০১১) প্রভৃতি অসামান্য কবিতাগ্রন্থ। খ্যাতিমান অনুবাদক খোন্দকার আশরাফ হোসেন ১৯৮৬ সালেই তিনটি ধ্রুপদী গ্রিক নাটকÑ সফোক্লিসের ‘রাজা ঈদিপাস’ এবং ইউরিপিদিসের ‘মিডিআ’ ও ‘আলসেস্টিস’ অনুবাদ করেন। ‘টেরি ঈগলটন : সাহিত্যতত্ত্ব’ ও ‘পাউল সেলানের কবিতা’ তার বহুলপঠিত অনুবাদ। মেধাবী এই গবেষক ও সাহিত্য সমালোচকের প্রকাশিত প্রবন্ধগ্রন্থের মধ্যে রয়েছে ‘বাংলাদেশের কবিতা : অন্তরঙ্গ অবলোকন’, ‘কবিতার অন্তর্যামী : আধুনিক উত্তর আধুনিক ও অন্যান্য প্রসঙ্গ’ এবং ‘রবীন্দ্রনাথ ইয়েটস গীতাঞ্জলি’। তার সর্বশেষ প্রবন্ধগ্রন্থ ‘বাঙালির দ্বিধা ও রবীন্দ্রনাথ এবং বিবিধ তত্ত্বতালাশ’।  ‘একবিংশ’ সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক হিসেবে তিনি সুখ্যাতি লাভ করেন। সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ তিনি ‘আলাওল সাহিত্য পুরস্কার’, ‘জীবনানন্দ পুরস্কার’, এবং ‘পশ্চিমবঙ্গ লিটল ম্যাগাজিন পুরস্কার’ লাভ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত