কবির খান পরিচালিত ‘৮৩’ সিনেমায় সহ-প্রযোজনার পাশাপাশি অভিনয় করবেন বলিউড কুইন দীপিকা পাড়–কোনÑ এতে তাকে একটি বিশেষ চরিত্রে দেখতে পাবেন দর্শক। ১৯৮৩ সালে ভারতের প্রথমবার বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়ার গল্প নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি। এতে ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেট তারকা কপিল দেবের চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং। বিয়ের পর রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন দম্পতির এটা একসঙ্গে কাজ করা প্রথম সিনেমা। পর্দায়ও দুজনকে স্বামী-স্ত্রীর চরিত্রেই দেখা যাবে। ‘ছাপাক’ সিনেমার শ্যুটিং শেষ করে এরই মধ্যে তিনি উড়ে গেছেন গ্লাসগোতে, স্কটল্যান্ডের বৃহত্তম আর যুক্তরাজ্যের তৃতীয় বৃহত্তম শহরে। সেখানে তিনি ‘৮৩’ সিনেমার শ্যুটিং করছেন। এসব খবর সবাই জেনে গেছেন। তবে নতুন খবর হলো এই সিনেমায় অভিনয়ের জন্য দীপিকা পাড়ুকোনের পারিশ্রমিক আকাশছোঁয়া। এর আগে ‘পদ্মাবত’ সিনেমায় অভিনয়ের জন্য তাকে ১৩ কোটি রুপি দেওয়া হয়। ২০১৮ সালের ২৫ জানুয়ারি মুক্তি পায় ছবিটি। ২১৫ কোটি রুপি বাজেটের এই ছবি এ পর্যন্ত আয় করেছে ৫৮৫ কোটি রুপি। এবার ‘এইটি থ্রি’ সিনেমার জন্য এই অভিনেত্রীকে পারিশ্রমিক হিসেবে দেওয়া হচ্ছে ১৪ কোটি রুপি। আর তা শুনে অনেকেই অবাক হয়েছেন। তবে এই পারিশ্রমিকের ব্যাপারে দীপিকা পাড়ুকোন বা ‘এইটি থ্রি’ ছবির সঙ্গে যুক্ত কেউ এখনো মুখ খোলেননি।
×
