অবশেষে জয়ের দেখা পেল দক্ষিণ আফ্রিকা

আপডেট : ১৬ জুন ২০১৯, ০১:০৬ এএম

টানা তিন হারের পর চতুর্থ ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। তাতেই যেন স্বস্তি দক্ষিণ আফ্রিকার। বিশ্বকাপে একটা পয়েন্ট তো মিলল! খাদের কিনারায় থাকা দলটা প্রথম জয়ের দেখা পেল নিজেদের পঞ্চম ম্যাচে এসে। আফগানিস্তানকে একরকম উড়িয়ে দিল ফ্যাফ দু প্লেসির দল।

শনিবার কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে আফগানদের বৃষ্টি আইনে ৯ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।

দিনের দ্বিতীয় ম্যাচটিতে টস জিতে প্রতিপক্ষকে আগে ব্যাটিংয়ে পাঠায় ফ্যাফ দু প্লেসির দল। আফগান ইনিংসে দুইবার বৃষ্টি হানা দিয়েছিল। তাতে ম্যাচটা ৪৮ ওভারে নেমে আসে। ভালো শুরু পেলেও দ্বিতীয় দফায় বৃষ্টির পর ভেঙে পড়ে আফগান ইনিংস। ৩৪.১ ওভারে গুটিয়ে যায় ১২৫ রানেই।

বৃষ্টি আইনে দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৮ ওভারে ১২৭। বিনা উইকেটে ১০০ পেরিয়ে যাওয়া প্রোটিয়ারা একমাত্র কুইন্টন ডি ককের উইকেট হারিয়ে জয় তুলে নেয়।

গুলবাদিন নাইবের শিকার হওয়ার আগে ডি কক সর্বোচ্চ ৭২ রানের ইনিংস খেলেন। ৬৮ বলে ৮ চারে নিজের ইনিংস সাজান তিনি। হাশিম আমলা ৪১ ও আন্দিলে ফেলুকওয়ায়ো ১৭ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।

এর আগে আফগানদের শুরুটা মোটেও খারাপ ছিল না। দলীয় ৩৯ রানে হজরতউল্লাহ জাজাই ফিরে যান ব্যক্তিগত ২২ রানে। আরেক ওপেনার নুর আলী জাদরান বেশ বেশ সাবলীল খেলছিলেন। দ্বিতীয় দফায় বৃষ্টির আগে আফগানদের স্কোর ছিল ২০ ওভারে ৬৯/২। কিন্তু বৃষ্টির পর দলটার ব্যাটিংয়ে ধস নামে। বৃষ্টির পর আর ১ রান যোগ করতেই ৪ উইকেট হারায় দলটি।

এরপর রশিদ খানের নৈপুণ্যে এক শ পেরিয়েছে আফগানরা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেছেন রশিদ। এ ছাড়া ৩২ রান করেন ওপেনার নুর আলি জাদরান।

দুর্দান্ত বোলিং করেছেন ইমরান তাহির। ৭ ওভার বল করে ২৯ রান খরচায় ৪ উইকেট তুলে নেন তিনি। ক্রিস মরিস ৬.১ ওভার বল করে নিয়েছেন ৩ উইকেট। ম্যাচসেরা হয়েছেন ইমরান তাহির।

৫ ম্যাচে ১ জয়ে ৩ পয়েন্ট নিয়ে এখন সপ্তম স্থানে দক্ষিণ আফ্রিকা। আর চার ম্যাচের সব কটিতে হেরে পয়েন্ট টেবিলে সবার নিচে আফগানিস্তান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত