কক্সবাজারের টেকনাফে ‘ইয়াবা কিনতে এসে’ পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রাসেল মাহমুদ (৩৬) নামের এক যুবক নিহত হয়েছে। পুলিশ বলছে, গতকাল শনিবার ভোররাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের দৈংগাকাটা পাহাড়ের পাশে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। রাসেলের নামে নারায়ণগঞ্জের বন্দর থানায় মাদকের একাধিক মামলা রয়েছে। টেকনাফ থানার ওসি প্রদীপ
কুমার দাশ জানান, শীর্ষ মাদক কারবারি হোয়াইক্যং ইউনিয়নের দৈংগাকাটা এলাকার আমীর হামজাকে ধরতে অভিযান চালায় পুলিশ। উজাইঅং চাকমার পাহাড়ের পাশে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে তারা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে আহত ওই যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তার পরিচয় শনাক্ত করা হয়। সে নারায়ণগঞ্জের বন্দর থানার উত্তর লক্ষণঘোনা এলাকার ফয়েজ আহমদের ছেলে।
বন্দুকযুদ্ধে এসআই বোরহান উদ্দিন ভূঁইয়া, কনস্টেবল হাবিব হোসেন, সজীব সরকার ও তুহিন হাসান আহত হন জানিয়ে ওসি বলেন, ঘটনাস্থল থেকে একটি দেশি এলজি বন্দুক, ৫ হাজার ইয়াবা, পাঁচ রাউন্ড তাজা কার্তুজ ও ৯ রাউন্ড খালি খোসা উদ্ধার করা হয়েছে।
ওসি প্রদীপ আরও বলেন, রাসেল টেকনাফের ইয়াবা কারবারি হামজার থেকে ইয়াবা কিনতে টেকনাফে আসে। লাশ কক্সবাজার জেলা হাসপাতাল মর্গে রয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।
