উবার চালক খুনের কারণ খুঁজে পাচ্ছে না পুলিশ

আপডেট : ১৬ জুন ২০১৯, ০২:২৮ এএম

রাজধানীর উত্তরায় মোবাইল ফোনের অ্যাপভিত্তিক পরিবহন সেবা উবারের প্রাইভেটকার চালক আরমান হোসেন হত্যার নেপথ্যে কোনো কারণ খুঁজে পাচ্ছে না পুলিশ। কারা কী কারণে তাকে হত্যা করেছে সে বিষয়েও কোনো তথ্য মেলেনি। মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা থানার এসআই শাহিন মিয়া দেশ রূপান্তরকে বলেন, ‘প্রাথমিক তদন্তের অংশ হিসেবে নিহতের পরিবারের সদস্য, উবারের পরিচালনা কর্র্তৃপক্ষ ও গাড়ির মালিকের সঙ্গে কথা বলেছি। সবাই বলেছেন, কারও সঙ্গে তার খারাপ সম্পর্ক ছিল না। এ ছাড়া ব্যক্তিগত, পারিবারিক দ্বন্দ্বের কোনো তথ্য পাওয়া যায়নি। আর্থিক কিংবা প্রেমঘটিত কোনো সমস্যাও ছিল না তার।’ তিনি বলেন, ‘হত্যার ধরন দেখে মনে হয়েছে যাত্রীবেশী একাধিক ঘাতক তাকে পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেছে। কিন্তু কেন করেছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।’ গত বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর সড়কের ৫২ নম্বর বাড়ির সামনে একটি গাড়ির ভেতর থেকে উবার চালক আরমানের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

গতকাল শনিবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারে নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহের উদ্বোধনকালে এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, লাশ উদ্ধারস্থলের আশপাশে থাকা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও অ্যাপভিত্তিক যোগাযোগের সূত্র ধরে এই হত্যাকাণ্ডের তদন্ত চলছে।

এসআই শাহিন মিয়া আরও বলেন, পুলিশের পাশাপাশি এই খুনের ছায়াতদন্ত শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), গোয়েন্দা শাখা (ডিবি) ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

উত্তরা পশ্চিম থানার অপর এক কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছিল কোনো ছিনতাই বা ডাকাত দলের সদস্যরা এ ঘটনা ঘটিয়েছে। তদন্তে সে বিষয়েও কোনো আলামত পাওয়া যায়নি। তিনি ধারণা করছেন, মামলার আলামত হিসেবে ঘটনাস্থল থেকে যে স্যান্ডেল জোড়া উদ্ধার করা হয়েছে, তা কোনো পুরুষ ব্যক্তির। যদিও হত্যায় একাধিক ব্যক্তি জড়িত বলে প্রাথমিক অনুসন্ধানে মনে হয়েছে। ওই কর্মকর্তা বলেন, যাত্রীবেশী একাধিক ব্যক্তি গাড়ি থামিয়ে চালক আরমানকে পেছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে পালিয়ে গেছে। এরপর গাড়িটি ফের স্টার্ট দিয়ে দেয়ালে ধাক্কা লাগিয়ে দুর্ঘটনা হিসেবেও চালানোর চেষ্টা থাকতে পারে।

তদন্ত কর্মকর্তা বলেন, ‘কারা গাড়ি ভাড়া করেছিল তাদের বিষয়ে জানার জন্য উবার কর্র্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। শুক্র ও শনিবার ছুটি থাকায় তারাও বিস্তারিত তথ্য দিতে পারেনি। আগামীকাল (আজ) রবিবার উবারের কাছ থেকে বাকি তথ্য সংগ্রহ করা হবে।’

ডিএমপির উত্তরা জোনের সহকারী কমিশনার (এসি) শচিন মৌলিক বলেন, ‘ঘটনার কারণ জানতে আমরা চেষ্টা করছি। হত্যাকারী কে বা কারা সেটি শনাক্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চলছে। এখন পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা সম্ভব হচ্ছে না।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত