এক বন্দুকযুদ্ধে ৩ ‘মাদক কারবারি’ নিহত

আপডেট : ১৬ জুন ২০১৯, ০৮:২৫ এএম

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন মাদক কারবারি নিহত হয়েছে। শনিবার ভোর ৪টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুরের পাহাড়ি ঢালা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কক্সবাজার সদরের চৌধুরী পাড়ার গবি সুলতানের ছেলে দিল মোহাম্মদ (৪২), একই এলাকার মোহাম্মদ ইউনুছের ছেলে রাসেদুল ইসলাম (২২) ও চট্টগ্রামের মাস্টার হাট আমিরাবাদের আবুল কাসেমের ছেলে শহিদুল ইসলাম (৪২)।

র‌্যাবের দাবি, এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন- সৈনিক মোহাম্মদ জাহাঙ্গীর (৩২) ও কনস্টেবল মোহাম্মদ সোহেল (২৮)। ঘটনাস্থল থেকে এক লাখ ৪০ হাজার পিস ইয়াবা, চারটি দেশীয় বন্দুক (এলজি) ও ২১ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়েছে।

র‌্যাব-১৫ কক্সবাজারের টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লে. মির্জা শাহেদ মাহতাব জানান, “রোববার গভীর রাতে একদল ইয়াবা কারবারি ও অস্ত্রধারী সন্ত্রাসী টেকনাফের হোয়াইক্যংয়ের পাহাড়ি ঢালা নামক এলাকায় ইয়াবার একটি বড় চালান পাচার করছে- এমন খবর পাওয়া যায়। তিনিসহ র‌্যাবের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা অস্ত্রধারীরা গুলি ছুড়তে শুরু করে। র‌্যাব সদস্যরা পাল্টা গুলি ছোড়ে। এতে র‌্যাবের দুই সদস্য আহত হন। এক পর্যায়ে অস্ত্রধারীরা পিছু হটলে ঘটনাস্থলে মাদক কারবারি ওই তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

র‌্যাব সদস্যরা তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানের জরুরি বিভাগের চিকিৎসক শংকর চন্দ্র দেবনাথ গুলিবিদ্ধ তিনজনকে মৃত ঘোষণা করেন।

র‌্যাবের এ কর্মকর্তা আরও বলেন, “নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। এ বিষয়ে টেকনাফ থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।”

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শংকর চন্দ্র দেবনাথ জানান, রাতে র‌্যাব সদস্যরা গুলিবিদ্ধ তিন জনকে নিয়ে আসেন। তাদের শরীরে একাধিক গুলির চিহ্ন ছিল। এছাড়া আহত র‌্যাব সদস্যদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত