১৭ বছর পর সিমরানের কাছে ফিরলেন মাধবন

আপডেট : ১৬ জুন ২০১৯, ১০:৩৬ এএম

মাধবন ও সিমরান- দক্ষিণ ভারতীয় সিনেমার এই জুটি ১৭ বছর পর ফের একসঙ্গে অভিনয় করতে চলেছেন। শেষবার তাদের দেখা গিয়েছিল ‘কন্নাথিল মুথাম্মিতল’ ছবিতে। পরিচালনা করেছিলেন মণিরত্নম।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, এবার দুজনে পর্দায় আসছেন বিজ্ঞানী নামবি নারায়ণনের বায়োপিক ‘রকেট্রি: দি নামবি এফেক্ট’ দিয়ে। অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেছেন মাধবন।

ছবির শুটিং প্রায় শেষের পথে। সম্প্রতি ইনস্টাগ্রামে জুটির প্রত্যাবর্তনের ঘোষণা দিলেন মাধবন। লেখেন, ‘১৫ বছর পর থিরু এবং ইন্দিরা, এখন শ্রী এবং শ্রীমতি নামবি নারায়ণন।’

ইতিমধ্যেই প্রকাশ হয়েছে ‘রকেট্রি: দি নামবি এফেক্ট’-এর টিজার। ছবিটি মহাকাশবিজ্ঞানী এস নামবি নারায়ণনের জীবনী অবলম্বনে নির্মিত। এ চরিত্রে অভিনয় করছেন মাধবন।

নব্বই দশক থেকে সাম্প্রতিক সময়ে নামবিকে সুপ্রিম কোর্টের ক্ষতিপূরণের নির্দেশ- সমস্ত ঘটনা তুলে ধরা হচ্ছে ছবিতে।

নামবি নারায়ণনকে গুপ্তচরবৃত্তির মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়। ১৯৯৪ সালে তিনি গ্রেপ্তার হন। সিবিআই ও সুপ্রিম কোর্টে ক্লিনচিট পান নামবি। চাঁদে অবতরণ করেছে ভারতের মহাকাশযান। ওই প্রকল্পের অংশ ছিলেন নামবি। ২০১৯ সালে পদ্ম বিভূষণে তাকে সম্মানিত করে ভারত সরকার।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত