বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চরমে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাগযুদ্ধে জড়িয়েছেন ক্রিকেটামোদীরা। কারো চোখে ভারত এগিয়ে, কারো চোখে পাকিস্তান। ম্যাচটি নিয়ে নিজের মতামত দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও বর্তমানে প্রধান নির্বাচক ইনজামাম-উল-হকও। তার মতে, এই লড়াই ফাইনালের আগে ‘ফাইনাল’।
ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে রোববার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী দল দুটি। এই ম্যাচে গ্যালারিতে উপচে পড়া ভিড় হবে, সেটা না বললেও চলে।
ক্রিকেট বিশ্বের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা এই দ্বৈরথ নিয়ে ইনজামাম বলেন, “যখন ভারত আর পাকিস্তান বিশ্বকাপে একে অপরের মুখোমুখি হয়, তখন সেটা হয়ে যায় ফাইনালের আগে একটি ফাইনাল। এই ম্যাচ নিয়ে সবসময় লোকজনের মধ্যে উত্তেজনা কাজ করে।”
“স্টেডিয়ামের ধারণক্ষমতা ২৪ হাজার, কিন্তু এই ম্যাচের টিকিট কিনতে চেয়েছে ৮ লাখ দর্শক। এ থেকে বোঝা যায় কত বড় ম্যাচ এটা।”
সেই ১৯৯২ সাল থেকে বিশ্বকাপে এখনও পর্যন্ত ছয় বার মুখোমুখি হয়েছে দল দুটি। এর মধ্যে একবারো ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। সরফরাজ আহমেদের দল এবার এই ধারা ভাঙতে পারবে বলে আশাবাদী ইনজামাম।
“ভারত-পাকিস্তান ম্যাচে অতীত পারফরম্যান্স দিয়ে কিছু যায় আসে না। এটা নির্ভর করে ম্যাচের দিন কে ভালো পারফর্ম করছে তার ওপর। আমি আশা করি পাকিস্তান বিজয়ী হবে এবং লোকজন মানসম্মত একটা খেলা উপভোগ করবে।”
পাকিস্তানকে শুভকামনা জানিয়ে ইনজামাম বলেছেন, “এই টুর্নামেন্টে পাকিস্তান একটি ম্যাচ জিতেছে। আশা করি দলের ভাগ্য পাল্টে যাবে। পাকিস্তান বিশ্বকাপে ভারতকে কখনও হারাতে পারেনি। নিঃসন্দেহে চাপ তাদের ওপর থাকবে। তবে ভালো পারফর্ম আপনাকে তৃপ্ত করতে পারে। আমি সবাইকে বলবো যেন তারা এটাকে একটি ম্যাচ হিসেবেই দেখে।”
