নেদারল্যান্ডসে ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে ওঠেই ইতিহাস গড়েছিলেন রোমান সানা। দেশের প্রথম আর্চার ও দ্বিতীয় ক্রীড়াবিদ হিসেবে সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করে নেন।
তবে সেমিতে হেরেছিলেন। ফাইনালে উঠতে না পারলেও ব্রোঞ্জের লড়াইয়ে ইতালিয়ান প্রতিযোগী নেসপোলি মউরোকে হারিয়ে আরেক ইতিহাস লিখলেন রোমান। দেশের প্রথম আর্চার হিসেবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ থেকে দেশকে উপহার দিলেন পদক।
রোববার সের্টোখোবসে রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জের লড়াইয়ে নামেন রোমান। মাউরো নেসপোলিকে দাঁড়াতেই দেননি বাংলাদেশি প্রতিযোগী। জয় তুলে নেন ৭-১ সেট পয়েন্টের ব্যবধানে।
প্রথম সেট ২৮-২৭ পয়েন্টে জেতার পর দ্বিতীয় সেট ২৯-২৮ পয়েন্টে জিতে নেন রোমান। তৃতীয় সেট ২৯-২৯ পয়েন্টে ড্র হয়। চতুর্থ সেট ২৯-২৭ পয়েন্টে রোমান জিতে নেন। একই সঙ্গে ব্রোঞ্জ নিশ্চিত করেন।
২০২০ টোকিও অলিম্পিকে কোটা প্লেসে সরাসরি খেলবেন রোমান সানা।
