সংসদে রুমিন ফারহানা

আমি দাঁড়ালে ৩০০ এমপি উত্তেজিত হয়ে ওঠেন

আপডেট : ১৭ জুন ২০১৯, ০২:০৭ এএম

বিএনপির নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করায় ও সংসদের বৈধতা নিয়ে প্রশ্ন তোলায় আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সংসদ। গতকাল রবিবার বিকেলে একাদশ সংসদের বাজেট অধিবেশনে ২০১৮-১৯ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনায় তার এমন বক্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। ১০ মিনিটের বক্তৃতায় তিন দফায় বাধার সম্মুখীন হন তিনি। 

রুমিন ফারহানা বলেন, ‘আমি আমার দলের কথা বলব, তারা তাদের কথা বলবেন। কিন্তু আমি উঠে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে পুরো সংসদ যদি উত্তেজিত হয়ে যায়, ৩০০ সদস্য যদি মারমুখী হয়ে যায় তাহলে আমি আমার বক্তব্য কীভাবে রাখব?’

তিনি বলেন, ‘এই সংসদের কেউ কি বলতে পারবেন জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত? কেউ বলতে পারবেন না।’ এ কথা বলার সঙ্গে সঙ্গে সরকারি দলের সদস্যরা হইচই শুরু করেন। বক্তব্য শুরু করার ৩৬ সেকেন্ডের মাথায় তাকে থামিয়ে ডেপুটি স্পিকার বলেন, ‘আপনি বাজেটের বাইরে এমন কোনো কথা বলবেন না যাতে সংসদ উত্তপ্ত হয়। এমন কথা বলবেন না যাতে বিরোধী পক্ষ উত্তেজিত হয়।’

ব্যারিস্টার রুমিন বলেন, ‘এই সংসদে আসার আগে সংসদ নেতা বলেছিলেন, আমাদের কথা বলতে দেবেন। কিন্তু আমার প্রথম বক্তৃতার দুই মিনিটের এক মিনিটও শান্তিমতো কথা বলতে পারিনি। একই ঘটনা আজকেও।’

তিনি আরও বলেন, ‘আমরা কথা বলতে পারছি না। আমরা কোন গণতন্ত্রের কথা বলছি, যে গণতন্ত্র কথা বলতে দেয় না, আমাদের কথা বলার সময় বাধা দেওয়া হয়? আমি আমার দলের কথা বলব, তারা তাদের দলের কথা বলবে। আমি দাঁড়ানোর সঙ্গে সঙ্গে পুরো সংসদ যদি উত্তেজিত হয়ে যায়, তাহলে কীভাবে কথা বলব?’

পুরো ১০ মিনিটের বক্তৃতায় মাত্র কয়েক সেকেন্ড সম্পূরক বাজেটের ওপর আলোচনা করেন বিএনপির এই নারী সাংসদ। তিনি বলেন, ‘২০১০-১১ অর্থবছর থেকে এ পর্যন্ত বাজেট বাস্তবায়ন হয়েছে ৭৬ শতাংশ। সরকারের সক্ষমতা দিন দিন কমছে।’

বক্তৃতার ৪ মিনিট ৫৬ সেকেন্ডে আবারও বাধা দেওয়া হয় ব্যারিস্টার রুমিনকে। এভাবেই তিনি তার ১০ মিনিটের বক্তৃতা শেষ করেন। পরে ডেপুটি স্পিকার তাকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি বাজেটের বাইরে ও সংসদীয় ভাষার বাইরে যেসব কথা বলেছেন সেসব কথা সংসদীয় প্রসিডিউর থেকে এক্সপাঞ্জ করা হলো।’ এ কথা বলার পরপরই বিএনপিদলীয় সব এমপি অধিবেশন থেকে বেরিয়ে যান। পরে অবশ্য আবারও অধিবেশনে ফেরেন তারা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত