হল-মার্কের জেসমিনকে আত্মসমর্পণের নির্দেশ

আপডেট : ১৭ জুন ২০১৯, ০২:০৮ এএম

জনতা ব্যাংকের ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা ভুয়া এলসির মাধ্যমে আত্মসাতের মামলায় হল-মার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিন বাতিল করে চার সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। গতকাল রবিবার হাইকোর্টের দেওয়া জামিন বাতিল করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে জেসমিন ইসলামের পক্ষে ছিলেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও আবদুল মতিন খসরু। মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। তিনি সাংবাদিকদের বলেন, ‘ভুয়া এলসির বিপরীতে জনতা ব্যাংকের ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা আত্মসাতের মামলায় হাইকোর্ট বিভাগ ২০১৯ সালের ১০ মার্চ তাকে জামিন দেন। এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে দুদক। আপিল বিভাগ তার জামিন বাতিল করে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিলেন।’ ২০১২ সালে হল-মার্কের ঋণ জালিয়াতির খবর প্রকাশিত হয়। পরে একই বছরের ৪ অক্টোবর রমনা থানায় মামলা করে দুদক।

হল-মার্কের অর্থ উদ্ধারের অগ্রগতি নিয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রতিবেদনে বলা হয়, হল-মার্ক গ্রুপের বিভিন্ন কোম্পানিকে বিভিন্ন সময়ে ঋণ দেওয়া হয় ৩ হাজার ৯৮৮ কোটি টাকা। এর মধ্যে কিছু অর্থ ফেরত এলেও ৩ হাজার ৪৪৮ কোটি ২০ লাখ টাকা আটকে যায়। আটকে যাওয়া এ অর্থ উদ্ধারের চেষ্টা করছে সোনালী ব্যাংক। এসব ঋণ আদায়ে অর্থঋণ আদালত ও সাধারণ আদালতে মামলা হয়েছে। এ বিষয়ে দুদকও বেশ কয়েকটি মামলা করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত