পাওনা টাকা চাওয়ায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক গৃহবধূকে মোটরসাইকেল চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বিএস দাখিল মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ইউনিয়নের বালাটারী গ্রামের মৃত বাচ্চু মিয়ার স্ত্রী আনজু বেগম (৩৮) একই গ্রামের নবী মিয়ার পুত্র রবিউল ইসলামকে (২৫) ব্যবসার জন্য একটি মোটরসাইকেল ও নগদ এক লাখ টাকা দেন। সম্প্রতি আনজু বেগম রবিউলের কাছে ওই পাওনা টাকা চান। টাকা না দিয়ে রবিউল তাকে এড়িয়ে চলা শুরু করেন। আনজু বেগম টাকার জন্য চাপ দিলে
মোবাইলে তাকে হুমকিও দেন রবিউল।
ঘটনার প্রত্যক্ষদর্শী পশ্চিম বালাটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈয়ব আলী জানান, রোববার সকালে নাওডাঙ্গা বিএস দাখিল মাদ্রাসার সংলগ্ন বালাটারী রাস্তায় রবিউলের মোটরসাইকেলের গতিরোধ করে টাকা দাবি করেন আনজু। সেখানে দীর্ঘক্ষণ কথাকাটাকাটির এক পর্যায়ে রবিউল সোজা আনজু বেগমের শরীরের ওপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত হন আনজু। পরে তাকে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কাজী ফাহাদ জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
এদিকে নাওডাঙ্গা ইউনিয়নের বালাটারী ৩নং ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম জানান, আনজু বেগম খুব সকালে তার বাড়িতে এসে রবিউলের কাছে তার পাওনা টাকার বিষয়ে অভিযোগ করেন। তিনি আনজু বেগমকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন।
এ বিষয়ে ফুলবাড়ী থানার এসআই হাবিবুর রহমান হাবিব জানান, নিহত আনজু বেগমের বড় ছেলে দুদুল মিয়া বাদী হয়ে রবিউলসহ তিন জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
