নিজেদের রেকর্ড ভেঙে জিততে হবে টাইগারদের

আপডেট : ১৭ জুন ২০১৯, ০৭:২৮ পিএম

বাংলাদেশকে পেয়ে আরেকটি দুর্দান্ত ইনিংস খেললেন শাই হোপ। চার রানের জন্য অবশ্য পেলেন না সেঞ্চুরি। এভিন লুইসের পর ঝোড়ো ফিফটি পেলেন শিমরন হেটমায়ার। এই তিনের ব্যাটে বাংলাদেশের সামনে ৩২২ রানের বড় লক্ষ্য দাঁড়া করাল ওয়েস্ট ইন্ডিজ।

সোমবার টনটনে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ৩২১ রানের পুঁজি গড়ে ওয়েস্ট ইন্ডিজ। এ ম্যাচে জিততে রান তাড়া করে জয়ে নতুন রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে। ওয়ানডেতে এর আগে সর্বোচ্চ ৩১৮ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ। সেটি ২০১৫ বিশ্বকাপে, স্কটল্যান্ডের বিপক্ষে।

এদিন রানের খাতা খোলার আগেই ক্রিস গেইল ফিরেছিলেন মোহাম্মদ সাইফউদ্দিনের শিকার হয়ে। ১৩ বল ‍উইকেটে থেকেও কোনো রান করতে পারেননি এই ব্যাটিং দানব।

এরপর শাই হোপের সঙ্গে ভালো জুটি গড়লেন এভিন লুইস। হোপ তো বাংলাদেশকে পেলেও জ্বলে ওঠেন। লুইসও হয়ে উঠলেন ভয়ংকর। এভিন লুইসকে ফেরান সাকিব আল হাসান। দলীয় ১২২ রানে ব্যক্তিগত ৭০ রান করে ফেরেন লুইস। তার ৬৭ বলের ইনিংসে ছিল ৬টি চার ও ২ ছক্কা।

লুইসের পর নিকোলাস পুরানকেও ফেরান সাকিব। তাতে ১৫৯ রানে তৃতীয় উইকেটের পতন হয় ক্যারিবীয়দের। চতুর্থ উইকেটে হোপের সঙ্গে ৮৩ রান যোগ করেন শিমরন হেটমায়ার।

ঝড় তোলা হেটমায়ারকে ম্যাচে নিজের প্রথম শিকার বানান মোস্তাফিজ। হেটমায়ার মাত্র ২৫ বলে তুলে নেন ফিফটি। তবে ৪০তম ওভারে ফিফটি পূরণের ঠিক পরের বলেই মোস্তাফিজের শিকার হয়ে ফিরতে হয়েছে তাকে। একই ওভারে দুই বলের বিরতিতে ভয়ংকর আন্দ্রে রাসেলকেও তুলে নিয়েছেন কাটার মাস্টার। তাতে ৪০ ওভার শেষে ২৪৩ রানে ৫ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। রানের খাতাই খুলতে পারেননি রাসেল।

সাত নম্বরে নেমে জেসন হোল্ডার ঝড় তুললেন। ১৫ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩৩ রান করেছেন ক্যারিবীয় অধিনায়ক। যা রানের গতি বাড়িয়েছে। ৪৭তম ওভারের শেষ বলে হোল্ডার ঝড় থামিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন।

এরপর সেঞ্চুরি থেকে মাত্র ৪ রান দূরে থাকা হোপকে ফিরিয়ে দেন মোস্তাফিজ। ডানহাতি উইকেটরক্ষক ব্যাটসম্যান ১২১ বলে নিজের ইনিংসটি সাজিয়েছেন ৪ চার ও ১ ছক্কায়। হোপ বাংলাদেশের বিপক্ষে টানা ষষ্ঠ ফিফটি ছোঁয়া ইনিংস খেললেন। ইনিংসের শেষ বলে সাইফউদ্দিন ফেরান ১৫ বলে ২ ছক্কায় ১৯ রান করা ড্যারেন ব্রাভোকে।

টাইগারদের পক্ষে সর্বাধিক ৩টি করে উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন। পুরো ১০ ওভার বল করে সাইফউদ্দিন ৭২ রান ব্যয় করেন। মোস্তাফিজ ৯ ওভারে দেন ৫৯ রান।

এ ছাড়া ২ উইকেট নেন সাকিব। মাশরাফী কোনো উইকেট না পেলেও রান খরচায় ছিলেন কৃপণ। ৮ ওভার বল করে ৩৭ রান দিয়েছেন, আছে একটি মেডেনও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত