সরফরাজ অদূরদর্শী, চিন্তায় ঘাটতি তার : শচীন

আপডেট : ১৭ জুন ২০১৯, ১১:৪৫ পিএম

লম্বা ক্যারিয়ারে অসংখ্য জয়ের সাক্ষী হয়ে আছেন তিনি। বিশ্ব ক্রিকেটে বাড়তি উন্মাদনা জাগানো পাকিস্তান-ভারত লড়াইয়েরও অনেক স্মৃতি তার থলেতে। বিশ্বকাপে আরেকবার নিজের দলের কাছে পাকিস্তানকে পরাভূত হতে দেখলেন শচীন টেন্ডুলকার। ম্যাচ শেষে পাকিস্তানের হারের ময়নাতদন্তও করেছেন এই ব্যাটিং জিনিয়াস। পাকিস্তান অধিনায়ক সরফরাজ খানকেই তিনি দাঁড় করিয়েছেন আসামির কাঠগড়ায়। কলকাতার দৈনিক ‘আনন্দবাজারে’ প্রকাশিত খবরে শচীন বলেন, ‘আমার মনে হয় সরফরাজ ম্যাচের সময় ঠিক বুঝতে পারছিল না যে কী করা উচিত আর কী নয়।’

ক্রিকেটের সব ফরম্যাটে সর্বোচ্চ রানের মালিক শচীন সরফরাজের ফিল্ডিং সাজানোর সমালোচনা করে বলেন, ‘যখন ওয়াহাব (রিয়াজ) বল করতে আসছিল, তখন সিøপে ফিল্ডার না রেখে শর্ট মিড উইকেটে ফিল্ডার রেখে দিয়েছিল। আবার যখন শাদাব (খান) বল করতে এলো, তখন তার জন্য সিøপ ফিল্ডার রাখা হলো। পিচের যা পরিস্থিতি তাতে লেগ স্পিনারের বল গ্রিপ করতে এমনিই অসুবিধা হওয়ারই কথা। তার ওপর সিøপ রেখে শাদাবের অসুবিধাই করেছে সরফরাজ। এরকম বড় খেলায় এ ধরনের সিদ্ধান্ত একেবারেই কাম্য নয়।’

পাকিস্তানি খেলোয়াড়দের চিন্তাশক্তি নিয়েও প্রশ্ন তুলেছেন শচীন, ‘চিন্তাশক্তির অভাব ও চিরাচরিত ভাবনার বাইরে কিছু ভাবতে পারেনি পাকিস্তান। যখন দেখা যাচ্ছে বল সেরকম নড়াচড়া করছে না, তখন সমানে ওভার দ্য উইকেট বল করার মানেই হয় না। ওয়াহাব রাউন্ড দ্য উইকেট বল করতে এলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল।’

পাকিস্তানের হারে সরফরাজকে দায়ী করেছেন দেশটির সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় হতাশা প্রকাশ করে সরফরাজকে বুদ্ধিহীন অধিনায়ক বলেছেন শোয়েব। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ায় সরফরাজকে এমন কথা বলেন শোয়েব, ‘ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে ভুল করেছে পাকিস্তান গতকাল (রবিবার) সেই ভুল করেছে। আমি বুঝি না কীভাবে সরফরাজ এতটা গাধামি করতে পারে। সে কীভাবে ভুলে গেল আমরা (পাকিস্তান দল) ভালো বলে রান তাড়া করতে পারি না। টস জিতে পাকিস্তান অর্ধেক জিতে গিয়েছিল কিন্তু সরফরাজ হারার জন্যই চেষ্টা করেছে। পাকিস্তান আগে ব্যাট করে ২৬০ রান করলেও বোলিং অ্যাটাক দিয়ে জিততে পারত। আমি মনে করি এটা ছিল বুদ্ধিহীন অধিনায়কত্ব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত