বয়সসীমা উঠিয়ে দিয়ে নতুন কমিটি গঠনের দাবিতে গতকাল সোমবার ২ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদলের সদ্য ভেঙে দেওয়া কমিটির নেতাকর্মীরা। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা ১১টা থেকে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা।
এদিকে কর্মসূচি চলাকালেই দলীয় কার্যালয়ের তৃতীয় তলায় জরুরি সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এতে অংশ নিতে কার্যালয়ে প্রবেশের সময় দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে বিক্ষুব্ধরা ঘিরে ধরে।
ছাত্রদলের ভেঙে দেওয়া কমিটির সহসভাপতি এজমল হোসেন পাইলট ও যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে দেড় শতাধিক নেতাকর্মী বিক্ষোভে অংশ নেয়। আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাব।’
গত ৩ জুন রাতে ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দেয় বিএনপি। এ ছাড়া ৪৫ দিনের মধ্যে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠনের কথা বলা হয়। কাউন্সিলে নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে বয়সের ন্যূনতম শর্ত রাখা হয় ২০০০ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। এর প্রতিবাদে গত ১০ জুন ছাত্রদলের বিক্ষুব্ধরা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। বন্ধ করে দেয় বিদ্যুৎ সংযোগ। ওইদিনই ছাত্রদলের নতুন কমিটি গঠনে দায়িত্বপ্রাপ্ত নেতারা বিক্ষুব্ধ কর্মীদের গুলশান কার্যালয়ে ঢেকে নিয়ে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলেন। পরে বিক্ষুব্ধরা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের তালা খুলে দেয়। এরপর গত রবিবার থেকে তারা বিএনপি কার্যালয়ের সামনে প্রতিদিন ২ ঘণ্টা অবস্থান কর্মসূচির সিদ্ধান্ত নেয়।
