বিশ্বকাপের অন্যতম হাই ভোল্টেজ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রোমাঞ্চকর জয় পাওয়া বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ সাবেক তারকা ক্রিকেটাররা। টাইগারদের খেলায় মুগ্ধ তারা। মাশরাফী বিন মোর্ত্তজার দলের পারফরম্যান্স দেখে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের সাবেক তারকা দুই ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি ও ভিভিএস লক্ষণ। সাকিব আল হাসানের দায়িত্বশীল ব্যাটিং দেখেও মুগ্ধতা প্রকাশ করেছেন তারা।
টনটনে সোমবার বিশ্বকাপে নিজেদের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে উইন্ডিজকে ৭ উইকেটে হারায় বাংলাদেশ। সাকিব আল হাসান ও লিটন দাসের অসাধারণ পারফরম্যান্সে ৫১ বল হাতে রেখে জয়ের জন্য ৩২২ রানের লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা।
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের সাথে যুক্ত লক্ষ্মণ। সবশেষ মৌসুমে সেই দলের হয়েই খেলেছেন সাকিব। বাংলাদেশের এই অলরাউন্ডারের প্রশংসা করেছেন লক্ষণ। বিশ্বকাপে অভিষেকেই লিটন দাসের দুর্দান্ত ব্যাটিং দেখেও অভিভূত তিনি।
“জয়ের জন্য অভিনন্দন বাংলাদেশকে। তারা যেভাবে এই বড় লক্ষ্য তাড়া করেছে, তা দেখে অবাকই হয়েছি। টানা দুটি শতক তুলে নেয়া সাকিব আল হাসান দায়িত্ব নিয়ে দারুণ খেলেছে। তবে লিটন দাসের পরিণত ব্যাটিং আমাকে অভিভূত করেছে।”
বাংলাদেশ ও সাকিবের পারফরম্যান্সে মুগ্ধ ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও। টুইটারে তিনি লিখেছেন, “ভালো খেলেছে বাংলাদেশ। দলে অনেক ক্রিকেটারের পারফর্ম করতে দেখে ভালো লাগছে। এভাবেই খেলতে থাকো, সাকিব আল হাসান।”
