টস জিতে আফগানদের বিপক্ষে ব্যাটিংয়ে ইংল্যান্ড

আপডেট : ১৮ জুন ২০১৯, ০৩:০৭ পিএম

বিশ্বকাপে উড়ছে স্বাগতিক ইংল্যান্ড। আসরের অন্যতম ফেভারিট দলটি নিজেদের পঞ্চম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি। ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডের লড়াইটিতে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক ইয়ন মর্গান।

ইংল্যান্ড এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলে তিনটিতেই জয় পেয়েছে। ছয় পয়েন্ট নিয়ে তালিকায় তাদের অবস্থান চারে। লন্ডনের কেনিংটন ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৪ রানের জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হরে তারা।

নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে দ্বিতীয় ম্যাচেই হোঁচট খায় ইংল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে ১৪ রানে হেরে যায় তারা। তবে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি ইয়ন মর্গানের দল। তৃতীয় ম্যাচে কার্ডিফে বাংলাদেশকে ১০৬ রানে উড়িয়ে দেয় তারা। জয়ের ধারা ধরে রাখে পরের ম্যাচেও। চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে দেয় ইংলিশরা।

অন্যদিকে, এখন পর্যন্ত চার ম্যাচে খেলে চারটিতেই হেরেছে আফগানিস্তান। এর মধ্যে অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে, শ্রীলঙ্কার কাছে ৩৪ রানে, নিউজিল্যান্ডের কাছে ৭ উইকেটে ও দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটে হারে তারা। ম্যাচগুলোতে প্রতিরোধ গড়তেও পারেনি দলটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত