বিশ্বকাপের হাওয়া লেগেছে বলিউড তারকাকের গায়েও। দিন দিন ইংল্যান্ডে ভিড় বাড়ছে তাদের। রোববার ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচের আগেই ম্যানচেস্টারে পৌঁছে গিয়েছিলেন রণবীর সিং। কমেন্ট্রি বক্স থেকে ধারাভাষ্য দেওয়ার পাশাপাশি ক্রিকেট তারকাদের সঙ্গে মাঠে আলাপও জমিয়েছিলেন। তারপর যা করলেন!
ভারত-পাকিস্তান ম্যাচের চড়া উত্তেজনার পাশাপাশি এদিন ম্যানচেস্টারে ‘রণবীরের রবিবারোয়ারি’ দেখে মেতে উঠেছিলেন ভক্তরা। কমেন্ট্রি বক্সে সুনীল গাভাস্কারের সঙ্গে রণবীর সিং। ক্রিকেটভক্ত ও বলিউডভক্তদের উত্তেজনার প্রমাণ মেলে তাদের স্ট্যাটাসে।
বিরাট বাহিনীকে অনুপ্রেরণা দিতে এবং নিজের সিনেমার প্রচার সারতেই ১৬ জুন বিশ্বকাপ ময়দানে হাজির ছিলেন অভিনেতা রণবীর। কারণ, বছর ঘুরতেই মুক্তি পাচ্ছে কবীর খান পরিচালিত ‘৮৩‘। যেই ছবিতে কিংবদন্তি কপিল দেবের জুতোতে পা গলিয়েছেন তিনি। ১৯৮৩ সালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ভারতের প্রথম বিশ্বকাপ জয় এই ছবির প্রেক্ষাপট। আর এদিন ‘৮৩’ সিনেমার আগাম প্রচারের জন্য রণবীর হাজির ছিলেন মাঠে।
রবিবার ম্যাচের সেই ঝলকই মিলেছে অভিনেতার ইনস্টাগ্রাম প্রোফাইলে। তবে নজর কেড়েছে ‘দাদা’ সৌরভ গাঙ্গুলির সঙ্গে রণবীরের সেলফি। পাউট পোজে রণবীর! পাশে সহাস্য বদনে ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। এই ছবি সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন রণবীর। সঙ্গে খাসা ক্যাপশন- “কলকাতার যুবরাজ। অফ সাইডের দেবতা… বাংলার বাঘ সৌরভ গাঙ্গুলি। দাদা আমি তোমাকে ভালবাসি।”
যেই ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিডিয়ায় সয়লাব। বন্যা বয়ে গিয়েছে লাইক, কমেন্টের। এছাড়া শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, হার্দিক পাণ্ডিয়া, শিখর ধাওয়ান, বীরেন্দ্র শেহওয়াগ, হরভজনের সঙ্গেও ছবি শেয়ার করেছেন রণবীর সিং।
উল্লেখ্য, ‘৮৩’ সিনেমার শুটিং করতে গিয়ে ক্রিকেট ভালভাবে রপ্ত করতে হয়েছে রণবীরকে। ক্রিকেটকে ভালবাসতেন আগে থেকেই। তবে, এখন নাকি একটা অবিচ্ছেদ্য টান অনুভব করেন। শুধু ক্রিকেট খেলাই নয়, এই খেলা সংশ্লিষ্ট অনেক কাজেই রণবীরের সরব উপস্থিতি দেখা যায়। তাই তো ভারত-পাকিস্তান ম্যাচের আগে তাকে দেখা গিয়েছে আবহাওয়ার পূর্বাভাস, মাঠের পরিস্থিতি, দর্শকদের উত্তেজনা নিয়ে ধারাভাষ্য দিতে। শুধু কি তাই! তার পাশাপাশি বাইশ গজের ময়দানে আলোচনায় অংশ নিয়েছেন বীরেন্দ্র শেহবাগ, হরভজন সিং, রামিজ রাজা এবং ব্রায়ান লারার সঙ্গে। সঙ্গে ছিলেন ভারতীয় ক্রীড়া সাংবাদিক যতীন সাপ্রুও।
