বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষের আস্থা রাষ্ট্রের ওপর থেকে চলে যাচ্ছে, প্রশাসনের ওপর থেকে চলে যাচ্ছে, বিচার ব্যবস্থার ওপর থেকে চলে যাচ্ছে। গতকাল মঙ্গলবার ঠাকুরগাঁওয়ের মির্জা রুহুল আমিন মিলনায়তনে সদর উপজেলা বিএনপি আয়োজিত কর্মিসভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল আরও বলেন, এবারের সংসদ জনগণের নির্বাচিত নয়, জনগণের প্রতিনিধিত্ব করে না। এরই প্রতিবাদ জানাতে ও দলকে সুসংগঠিত করতেই অবৈধ সংসদে অংশগ্রহণ করিনি। তবে অন্য সদস্যদের দলীয় সিদ্ধান্তে জনগণের কথা বলার জন্য পাঠানো হয়েছে। তিনি বলেন, দ্রুত জনগণকে সম্পৃক্ত করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে।
সদর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন লালের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবদুল হালিম প্রমুখ।
মির্জা ফখরুল বলেন, আমরা এখন অস্বাভাবিক রাজনৈতিক সংকট পার করছি। আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থা চালু করতে সুপরিকল্পিতভাবে কাজ করেছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন করেছে। এতে সুষ্ঠু ও অবাধ নির্বাচন হয়নি, বরং ভোট ডাকাতি হয়েছে।
