জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবং পটুয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম রুহুল আমীন হাওলাদারের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে আদালতে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ মামলা হয়। মামলার বাদী মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা পরিষদের সাবেক নারী ভাইস চেয়ারম্যান নাজনীন আখতার স্বর্ণা।
ট্রাইব্যুনালের বিচারক নিমাই চন্দ্র সাহা আজ বুধবার এ বিষয়ে সিদ্ধান্তের জন্য দিন ধার্য করেছেন বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পেশকার আব্দুর রাজ্জাক।
মামলার এজাহারে রুহুল আমীন ছাড়া আরও পাঁচজনকে আসামি করা হয়েছে। বাকি আসামিরা হলেন কুয়াকাটার আলীপুর এলাকার ফারুক ভেন্ডার, আনোয়ার হোসেন ওরফে লম্বা আনোয়ার, হামিদুল ইসলাম ওরফে টিক্কা এবং কমল হাওলাদার।
এজাহারে বলা হয়, জমিজমা নিয়ে বিরোধের জেরে রুহুল আমীন হাওলাদার এবং তার সঙ্গীরা গত ৮ জুন রাতে কুয়াকাটায় বাদীর বাড়ি ‘স্বর্ণাঞ্চল’-এ গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে আসামিরা তাকে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় ১১ জুন স্থানীয় মহিপুর থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা নেয়নি বলে বাদী এজাহারে অভিযোগ করেছেন। ধর্ষণচেষ্টার অভিযোগের বিষয়ে জানতে রুহুল আমীন হাওলাদারের মোবাইল ফোনে বেশ কয়েকবার কল করা হলেও তিনি ধরেননি।
মামলার তিন নম্বর আসামি কুয়াকাটা পৌরসভা শাখা জাপার সাবেক সভাপতি আনোয়ার হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘এই অভিযোগ সম্পূর্ণ বানোয়াট ও সাজানো। এর কোনো ভিত্তি নেই।’
