অস্ট্রেলিয়া বোঝে সাকিব কেমন

আপডেট : ১৯ জুন ২০১৯, ১০:০৬ পিএম

বিশ্বকাপে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করা সাকিব আল হাসান নিশ্চিতভাবেই ভাবনার কারণ হবে অজিদের। তবে বুধবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দলটির সহ-অধিনায়ক অ্যালেক্স কেয়ারি বললেন, সাকিবকে নিয়ে বিশেষ পরিকল্পনা নেই তাদের।

তবে সাকিবের দুর্দান্ত ফর্মের কথা নিজের মুখেই বললেন অজি উইকেটরক্ষক ব্যাটসম্যান। সাকিবের দুর্বলতা কোথায় সেটি নির্ধারণ করে পরিকল্পনা সাজাতে চায় তারা। সাকিবকে দ্রুত ফিরিয়ে দেওয়াই লক্ষ্য তাদের। কেয়ারি বলছেন, সাকিব কেমন সেটিও তাদের জানা।

বিশ্বকাপে দুর্দান্ত সময় পার করছেন সাকিব। ব্যাট হাতে বলতে গেলে ক্যারিয়ারের সেরা ছন্দে আছেন ওয়ানডের শীর্ষ অলরাউন্ডার। এই মুহূর্তে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে তিনি। চার ম্যাচ খেলে দুটি করে ফিফটি ও সেঞ্চুরিতে তার রান ৩৮৪।

কেয়ারি বলেন, ‘‘বাংলাদেশ এই মুহূর্তে সত্যিই দুর্দান্ত ক্রিকেট খেলছে। যার নেতৃত্ব দিচ্ছেন সাকিব। তাই আমরা সাকিব এবং তাদের টপ অর্ডারের সব খেলোয়াড়দের নিয়ে কাজ করছি। একই সঙ্গে তাদের বোলিং নিয়ে।’’

সাকিবকে নিয়ে পরিকল্পনা প্রসঙ্গে বললেন, ‘‘আমার মনে হয় সে (সাকিব) সাদা বলের ক্রিকেটে সম্ভবত ক্যারিয়ারের সেরা ছন্দে আছে। তবে আমরা জানি, কোন জায়গায়, কোন লাইন, লেংথে আমরা তাকে বল করতে চাই।’’

সাকিবে তাড়াতাড়ি ফেরাতে চান বলে জানালেন কেয়ারি, ‘‘আমরা তাকে তাড়াতাড়ি ফেরাতে চাই। সে দারুণ ফর্মে আছে। লিটন দাস অসাধারণ একটা ইনিংস খেলেছে। আমরা তাদের ব্যাটিং লাইনআপের সবাইকে নিয়ে পর্যালোচনা করেছি। আশা করি পরিকল্পনা ঠিকঠাক কাজ করবে।’’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত