কাজে গতি আনার নির্দেশ পরিকল্পনামন্ত্রীর

আপডেট : ১৯ জুন ২০১৯, ১০:৪৩ পিএম

পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাজে গতি আনার নির্দেশ দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, ‘গতিটা বাড়ানোর চেষ্টা করেন। আপনাদের কাছে কাগজ বা ফাইল এলে তাড়াতাড়ি ছেড়ে দেবেন। আপনি নোট দিয়ে  দেন। কাগজটা নিয়ে বসে থাকা উচিত নয়।’

রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে গতকাল বুধবার এক কর্মশালায় এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ‘স্ট্রাকচার অব দ্য ফিজিবিলিটি স্টাডি ফর ডেভেলপমেন্ট প্রজেক্ট’ শীর্ষক কর্মশালাটি আয়োজন করে পরিকল্পনা কমিশন।

ফিজিবিলিটি স্টাডি সম্পর্কে ধারণা থাকতে হবে বলে জানান পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, ‘ফিজিবিলিটি স্টাডির জন্য বিদ্যমান প্রো-ফরম স্ট্রাকচার সংস্কার করবেন বা নতুন করে একটা বানাবেন।’

অনুষ্ঠানে জানানো হয়, প্রকল্পের আওতায় ই-ফাইলিং ব্যবস্থা প্রবর্তন ও ডিজিটাল একনেক কার্যকর, এনইসি-একনেক সভায় দেওয়া অনুশাসনগুলো বাস্তবায়ন, অগ্রগতি নিয়মিত পরিবীক্ষণ, একটি ডিজিটাল ডাটাবেজ সিস্টেম তৈরি ও অনুমোদিত প্রকল্পগুলো সংরক্ষণের জন্য আর্কাইভ স্থাপন, প্রকল্প প্রক্রিয়াকরণ সংক্রান্ত পরিপত্র ও গাইডলাইনের সর্বশেষ তথ্য সম্পর্কে সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার কর্মকর্তাদের অবহিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

কর্মশালায় পরিকল্পনা বিভাগের সচিব মো. নূরুল আমিন, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব আবুল মনসুর মো. ফয়জুল্লাহসহ পরিকল্পনা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত