জোড়া খুনের মামলায় জামিন

সাবেক এমপি রানার মুক্তিতে ‘বাধা নেই’

আপডেট : ২০ জুন ২০১৯, ০২:২০ এএম

টাঙ্গাইলে যুবলীগের দুই নেতা হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন জেলার আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য (এমপি) আমানুর রহমান খান রানা। তার জামিন প্রশ্নে করা রুল যথাযথ ঘোষণা করে গতকাল বুধবার এ রায় দেয় বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ। এর আগে টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা ও স্থানীয় আওয়ামী লীগের সাবেক নেতা ফারুক আহমেদ হত্যা মামলায় গত ১৪ মার্চ রানাকে জামিন দিয়েছিল হাইকোর্ট। এরপর ১ এপ্রিল আপিল বিভাগও সেই জামিন বহাল রাখে। গতকাল জোড়া খুনের মামলায় জামিন পাওয়ায় রানার কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী। 

গত ৬ মার্চ জোড়া খুনের মামলায় রানাকে জামিন দিয়ে রুল জারি করেছিল হাইকোর্টের ওই বেঞ্চ। এই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে আবেদন করে। পরে চেম্বার বিচারপতি মো. নুরুজ্জামান হাইকোর্টের আদেশ স্থগিত করে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। শুনানি নিয়ে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করে রুল নিষ্পত্তির নির্দেশ দেয়। এরই ধারাবাহিকতায় শুনানি শেষে গতকাল জামিনের আদেশ হলো। 

আদালতে রানার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী। তার সঙ্গে ছিলেন আরেক আইনজীবী রুশো মোস্তফা। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির উল্লাহ। এ বিষয়ে রুশো মোস্তফা বলেন, ‘রায়ে জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করেছে আদালত। ফলে এ মামলায় জামিন পেলেন আমানুর রহমান খান রানা। আরেকটি মামলাতে (মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলা) তিনি জামিনে আছেন। এর ফলে তার কারামুক্তিতে বাধা নেই।’

২০১২ সালে ১৬ জুলাই নিখোঁজ হন টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়ন যুবলীগ নেতা শামীম ও মামুন। এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) হওয়ার পর নিখোঁজ মামুনের বাবা ২০১৩ সালের ৯ জুলাই টাঙ্গাইল আদালতে হত্যা মামলা করেন। এ মামলায় গ্রেপ্তার খন্দকার জাহিদ, শাহাদত হোসেন ও হিরন মিয়ার দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডে আমানুর রহমান খান রানার নাম আসে। তার নির্দেশেই এ হত্যাকাণ্ড হয় বলে গ্রেপ্তারকৃত আসামিরা জানান। গত বছরের ৫ সেপ্টেম্বর এ মামলায় বিচারিক আদালতে রানার জামিনের আবেদন নামঞ্জুর হওয়ার পর হাইকোর্টে জামিনের আবেদন করেন তার আইনজীবীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত