৭০ বছরের মধ্যে সর্বোচ্চ শরণার্থী গত বছর

আপডেট : ২০ জুন ২০১৯, ০২:৩৩ এএম

আজ ২০ জুন। বিশ্ব শরণার্থী দিবস। গত ৭০ বছরের ইতিহাসে ২০১৮ সালে সর্বোচ্চসংখ্যক শরণার্থী সৃষ্টি হয়েছে জানিয়ে আন্তর্জাতিক শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর বলছে, যুদ্ধ, নির্যাতন ও সংঘর্ষে পালিয়ে আসা মানুষের সংখ্যা ২০১৮ সালে ৭ কোটি ছাড়িয়েছে। যুদ্ধ, সহিংসতা আর সংখ্যালঘুদের নির্যাতনে গত এক বছরে গৃহহীন হয়েছে ৭ কোটি ১০ লাখ মানুষ। গতকাল বুধবার জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের এক বৈশ্বিক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। গৃহহীনদের এ সংখ্যা, বিগত বছরের চেয়েও ২০ লাখ বেশি।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের চতুর্থ বৃহৎ শরণার্থী জনগোষ্ঠী মিয়ানমার থেকে সৃষ্টি হয়েছে, যাদের অধিকাংশকেই বাংলাদেশ আশ্রয় দিয়েছে।

বাংলাদেশ সরকারের তথ্যানুযায়ী, বাংলাদেশ প্রায় ১২ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই ২০১৭ সালের ২৫ আগস্টের পর বাংলাদেশে প্রবেশ করেছে।

ইউএনএইচসিআরের প্রতিবেদনে বলা হয়, গত এক যুগে এ সংখ্যা বেড়েছে ৬৫ শতাংশ। ২০১৮ সালের শেষদিক থেকে বিশ্বের শরণার্থী, আশ্রয়প্রার্থী আর গৃহহীনদের গতিবিধি পর্যবেক্ষণ করে এ তথ্য সংগ্রহ করে প্রতিষ্ঠানটি। আজ বৃহস্পতিবার বিশ্ব শরণার্থী দিবস উদযাপনের আগমুহূর্তে গ্লোবাল ট্রেন্ডস শীর্ষক এ প্রতিবেদনে উদ্বেগ জানিয়েছে বিভিন্ন মহল। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, নিরাপত্তা আর চাকরির খোঁজে সাগর, মরুভূমি আর সীমান্ত পাড়ি দিতে গিয়ে প্রতি বছর বহু শরণার্থীর মৃত্যু হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালের শেষদিকে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা ছিল ১১ লাখ, যা ২০১৭ সালেও প্রায় একই ছিল। গত বছরের শেষে মিয়ানমারের শরণার্থীদের সবচেয়ে বেশি আশ্রয় দিয়েছে বাংলাদেশ (৯ লাখ ৬ হাজার ৬০০ জন)। ২০১৭ সালে এ সংখ্যা আরও বেশি ছিল (৯ লাখ ৩২ হাজার ২০০ জন)। রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের পরের স্থানে পর্যায়ক্রমে রয়েছে মালয়েশিয়া (১ লাখ ১৪ হাজার ২০০ জন), থাইল্যান্ড (৯৭ হাজার ৬০০ জন) এবং ভারত (১৮ হাজার ৮০০ জন)।

এ প্রতিবেদন প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে ইউএনএইচসিআর বাংলাদেশ প্রতিনিধি স্টিভেন করলিস আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের সঙ্গে আরও বেশি সংহতি প্রকাশের আহ্বান জানান। তিনি বলেন, ‘আজ যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তাতে আরও একবার প্রমাণিত হলো যে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে সরকার ও বাংলাদেশের জনগণ উদারতা দেখিয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত