সড়কে প্রাণহানির ঘটনা ঘটছেই। গতকালও বান্দরবানে মাইক্রোবাস খাদে পড়ে এক সেনা সদস্য নিহত হয়েছেন। এদিন দুপুরে মাদারীপুরের কালকিনিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হন দুজন। সিলেটের দক্ষিণ সুরমায় শ্যামলী পরিবহনের বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহতের খবর পাওয়া গেছে। দুপুরে সাভারে বেপরোয়া গতির বাসচাপায় এক পথচারী নিহত হন। যশোরের বেনাপোলে পৃথক দুর্ঘটনায় মারা যান ব্যবসায়ীসহ দুজন। আগের রাতে জয়পুরহাটে মাইক্রোবাসের ধাক্কায় পথচারী এবং চট্টগ্রামে বাসচাপায় নারীর মৃত্যু হয়। এসব দুর্ঘটনায় আহত হন কমপক্ষে ২৭ জন। বিস্তারিত নিজস্ব প্রতিবেদক, ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর বান্দরবান : বান্দরবান-রুমা সড়কের ১২ মাইল এলাকায় সেনাবাহিনীর একটি মাইক্রোবাস খাদে পড়ে মো. ওবায়দুল নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। গতকাল বিকেলের এ দুর্ঘটনায় সামরিক-বেসামরিক মিলিয়ে আহত হয়েছেন আরও ৯ জন। স্থানীয়দের বরাত দিয়ে বান্দরবান সদর থানার ওসি শহীদুল ইসলাম চৌধুরী জানান, বিকেল সাড়ে ৫টার দিকে মাইক্রোবাসটি বান্দরবান থেকে রুমার দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০০ ফুট পাহাড়ি খাদে পড়ে যায়। সেনাবাহিনী, পুলিশ, দমকল বাহিনী ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান সৈনিক ওবায়দুল। আহতরা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
মাদারীপুর : মাদারীপুরের কালকিনিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গতকাল দুপুর ২টার দিকে উপজেলার ভাঙ্গাব্রিজ এলাকার এ দুর্ঘটনায় আহত হন আরও ১৫ জন। নিহতরা হলেন সদর উপজেলার ইটেরপুর এলাকার মব্বত খলিফার ছেলে আবু বকর খলিফা (৩৪) ও হাজিরহাওলা এলাকার বেলায়েত মোল্লার ছেলে নিলয় মোল্লা।
সিলেট : সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানান, গতকাল দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারে শ্যামলী পরিবহনের বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত ও দুজন আহত হন। নিহতরা হলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাবরু মিয়ার ছেলে আবদুল কাইয়ুম (৩৫) ও সিলেটের গোয়াইনঘাট উপজেলার আঙ্গারুজুর গ্রামের রুহুল আমিন চৌধুরীর মেয়ে নওশীন চৌধুরী (১৮)। বাসটি আটক করা হয়েছ, তবে চালক পালিয়েছে।
সাভার : ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার সালেহপুর সেতুর ওপর গতকাল দুপুরে বেপরোয়া গতির একটি বাসের চাপায় ইসতিয়াক হোসেন (৩৬) নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি মাগুরার মহম্মদপুর উপজেলার দীঘা গ্রামের তোরাব হোসেনের ছেলে।
বেনাপোল : বেনাপোলের আমড়াখালী এলাকায় গতকাল দুপুরে গ্রিনলাইন পরিবহনের বাসচাপায় শাহাদৎ হোসেন নেদু নামে এক ট্রান্সপোর্ট ব্যবসায়ী নেতা নিহত হয়েছেন। তিনি বেনাপোলের নামাজ গ্রামের মৃত আ. সাত্তারের ছেলে। বেনাপোল পোর্ট থানার ওসি আবু সালেহ মোহাম্মদ মাসুদ করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিন সকালে বন্দরের সামনে ট্রাকচাপায় আলী আকবর (৪২) নামে এক ভ্যানচালক মারা গেছেন। তিনি পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের পুটে আহম্মদের ছেলে।
চট্টগ্রাম : চট্টগ্রামের ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ জানান, গত মঙ্গলবার রাত ১০টার দিকে দেওয়ানহাট এলাকায় বাসচাপায় কাজলী সাহা (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি চাঁদপুর সদরের কনক সাহার স্ত্রী। হেঁটে যাওয়ার সময় ১০ নম্বর রুটের একটি বাস কাজলীকে চাপা দেয়। উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জয়পুরহাট : জয়পুরহাট-হিলি সড়কের শিমুলতলী বাজার এলাকায় গত মঙ্গলবার রাতে মাইক্রোবাসের ধাক্কায় সন্তোস (৪৭) নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি পাঁচবিবি উপজেলার সুলতানপুর গ্রামের পূর্ণ চন্দ্রের ছেলে।
