শাজাহান খানের ভাইয়ের সমর্থককে দুষছে পরিবার

মাদারীপুরে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

আপডেট : ২০ জুন ২০১৯, ০২:৪০ এএম

সদর উপজেলা নির্বাচনের পরদিন মাদারীপুরে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত এরশাদ মুন্সীকে (২৭) নৌকার চেয়ারম্যান প্রার্থী কাজল কৃষ্ণ দের কর্মী দাবি করে হত্যার জন্য বিজয়ী বিদ্রোহী প্রার্থীর এক সমর্থককে দায়ী করেছে পরিবার।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, গতকাল বুধবার দুপুর ১২টার দিকে সীতানাথ সড়কের লঞ্চঘাট এলাকায় কয়েক ব্যক্তি এরশাদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত এরশাদ শহরের সীতানাথ সড়ক এলাকার বেলায়েত মুন্সীর ছেলে।

গত মঙ্গলবার অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দেকে হারিয়ে বিজয়ী হন বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের ওবায়দুর রহমান কালু খান। তিনি স্থানীয় সংসদ সদস্য ও সাবেক নৌমন্ত্রী শাজাহান খানের ছোট ভাই।

মাদারীপুর জেলা যুবলীগের সভাপতি আতহার সরদার জানান, এরশাদ মুন্সী মাদারীপুর পৌরসভার ৩নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করায় তার ওপর স্থানীয় প্রতিপক্ষের কর্মী-সমর্থকরা ক্ষিপ্ত ছিল। নিহতের পরিবারের অভিযোগ, আনারস প্রতীকের প্রার্থী ওবায়দুর রহমান কালু খানের সমর্থক জসিম গৌড়া ও তার লোকজন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে কালু খানের ছেলে রূপস খান দাবি করেন, নিহত এরশাদ তাদের পক্ষের কর্মী ছিলেন।

মাদারীপুরের পুলিশ সুপার সুব্রত কুমার হালদার সাংবাদিকদের বলেন, রাজনৈতিক না ব্যক্তিগত শত্রুতাÑ কী কারণে এ হত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত জসিম গৌড়া নজরদারিতে আছেন জানিয়ে তিনি বলেন, তাকে যে কোনো সময় গ্রেপ্তার করা হবে।

মাদারীপুর সদর থানার এসআই বাকের করিম হাওলাদার জানান, সদর হাসপাতালে নিহতের স্বজন ও নেতাকর্মীরা বিক্ষোভ করেন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হবে।

এদিকে হত্যার প্রতিবাদে বিকেলে বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ। উপজেলা নির্বাচনে নৌকার প্রার্থী কাজল কৃষ্ণ দে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিমের সমর্থক হিসেবে পরিচিত। স্থানীয় রাজনীতিতে বাহাউদ্দিন নাছিমের সঙ্গে সাবেক নৌমন্ত্রী শাজাহান খানের বিরোধ রয়েছে। ভোটে শাজাহান খানের ছোট ভাই ওবাইদুর রহমান কালু খান ৮ হাজার ১৪৩ ভোটের ব্যবধানে নৌকার প্রার্থীকে হারিয়ে দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত