বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, সরকার বিচার বিভাগ নিয়ন্ত্রণ করে জামিন ও রায় দিচ্ছে। এই নির্দেশনা আসছে আইন মন্ত্রণালয় থেকে। সেই নির্দেশনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জেলে আটকে রাখা হয়েছে।
গতকাল বুধবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি আয়োজিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল এ সময় দলের নেতাকর্মীদের দৃঢ় মনোবল তৈরির আহ্বান জানিয়ে বলেন, বিএনপি আবারও ফিনিক্স পাখির মতো জেগে উঠবে; তবে সেদিন দূরে নয়। বন্দুক, পিস্তল আর রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে কত দিন টিকে থাকবে আওয়ামী লীগ? জনস্রোত তৈরি হলেই ভেসে যাবে দুঃশাসনের জগদ্দল এই পাথর। নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, মেরুদন্ডহীন এই নির্বাচন কমিশন কেবল সরকারের তাঁবেদারের জন্য গঠিত হয়েছে।
একটি স্কুল মাঠে আয়োজিত এ সভায় উপজেলা বিএনপির সভাপতি মো. রাজিউর রহমান চৌধুরী সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, কৃষক দলের সভাপতি আনেয়ারুল ইসলাম, জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, জেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান তুহিন, জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েস প্রমুখ।
