ক্রিকেটে ভারত আর নীল জার্সি যেন সমার্থক শব্দ। তবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে চলমান বিশ্বকাপে অন্তত একটি ম্যাচে নীলের বাইরে অন্য একটি রঙে দেখা যাবে দলটিকে। ৩০ জুন ইংল্যান্ডের বিপক্ষে কমলা রঙের জার্সি পড়ে মাঠে নামবে বিরাট কোহলির দল।
ফুটবলের মতো ক্রিকেটের বৈশ্বিক আসরেও এখন সব দলেরই দুটি করে জার্সি থাকে। দুই দলের জার্সির রং মিলে গেলে যে কোনো একটি দলকে অ্যাওয়ে জার্সি পড়তে হয়। ভারতের মতো ইংল্যান্ডের জার্সির রং নীল।
ইংল্যান্ড স্বাগতিক বলে তারা সব ম্যাচেই হোম জার্সি অর্থাৎ প্রধান জার্সি পড়েই খেলবে। ভারতকে নামতে হবে অ্যাওয়ে জার্সি পড়ে। ইন্ডিয়া টুডে তাদের প্রতিবেদনে বলেছে, বিরাট কোহলিদের অ্যাওয়ে জার্সির রং হতে যাচ্ছে কমলা।
এর আগে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে দুই দলের প্রধান জার্সির রং মিলে যাওয়ায় প্রোটিয়ারা অ্যাওয়ে জার্সি পড়ে মাঠে নেমেছিল। সবুজ রঙের ট্রাউজারের সঙ্গে ছিল হলুদ টি-শার্ট।
ভারতের এরই মধ্যে চারটি ম্যাচ শেষ হয়েছে। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, পাকিস্তানকে হারিয়েছে দলটি। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। ম্যাচগুলোতে নীল জার্সি পড়ে খেলে ভারত। ইংল্যান্ড ম্যাচের আগে ২২ জুন আফগানিস্তান ও ২৭ জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে ভারত।
আফগানদের প্রধান জার্সির রংও নীল। তবে এই ম্যাচে ভারত হোম জার্সি অর্থাৎ নীল জার্সি পড়েই খেলবে। আফগানিস্তান পড়বে লাল-নীলের মিশ্রণের অ্যাওয়ে জার্সি।
