বিও অনিয়ম বন্ধে পদক্ষেপ এসইসির

আপডেট : ২০ জুন ২০১৯, ১১:৩৬ পিএম

পুঁজিবাজারে সিকিউরিটিজ লেনদেনে ব্যবহৃত  বিও হিসাবের (বেনিফিসিয়ারি ওনার্স) নানা অনিয়ম বন্ধে পদক্ষেপ নিচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এর ফলে একই জাতীয় পরিচয়পত্র নম্বর, একই মোবাইল ফোন নম্বর ও একই ব্যাংক হিসাবে একাধিক বিও হিসাব পরিচালনা বন্ধ হতে যাচ্ছে। এ ধরনের কার্যক্রমকে বেআইনি উল্লেখ করে তা বন্ধে এক সার্কুলার জারির কথা জানিয়েছে এসইসি। গতকাল এসইসির নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাইমারি মার্কেট তথা আইপিওতে (প্রাথমিক গণপ্রস্তাব) বেশি শেয়ার পাওয়ার জন্য একই ব্যাংক হিসাব ব্যবহার করে একাধিক বিও হিসাব পরিচালনার অভিযোগ রয়েছে। এ ধরনের হিসাব পরিচালনাকারী শুধুমাত্র প্রাইমারি বাজারেই বিনিয়োগ করে থাকেন, যারা লটারিতে শেয়ার পেয়ে অধিক মুনাফায় সেকেন্ডারি বাজারে বিক্রি করেন। এ ধরনের হিসাব পরিচালনাকারীরা সেকেন্ডারি বাজার থেকে কোনো শেয়ার ক্রয় করেন না বলে অভিযোগ রয়েছে। তাই এ ধরনের একাধিক বিও হিসাব চিহ্নিত করতে পদক্ষেপ নিয়েছে এসইসি। এজন্য বিও হিসাব সংক্রান্ত অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডকে (সিডিবিএল) নির্দেশনা দেওয়া হয়েছে।

গতকালের কমিশন সভায় সব ডিপোজিটরি অংশগ্রহণকারীর (ডিপি) জন্য একটি সার্কুলার ইস্যু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উক্ত সার্কুলারে বর্ণিত ধরনের ব্যত্যয় থাকলে তা আগামী ২১ জুলাইয়ের মধ্যে ডিপোজিটরি অংশগ্রহণকারীদের সংশোধন করতে হবে। এ সংক্রান্ত কমপ্লায়েন্স রিপোর্ট আগামী ৩১ জুলাইয়ের মধ্যে দাখিল করবে সিডিবিএল এবং এতে কোনো ব্যত্যয় পাওয়া গেলে কমিশন পরবর্তী ব্যবস্থা নেবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত